ঝুঁকি নিয়ে মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার করায় পুরস্কার পাচ্ছে সালথা থানা

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থানা থেকে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার ক্ষেত্রে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ টিম। তাদের এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের অগ্নিসংযোগে মুকসুদপুর থানা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দ্রুত সমন্বিত উদ্যোগ নেন। তারা মুকসুদপুর থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে যান।
প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, সাহসিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তারা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
এ ঘটনায় সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তাদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা রক্ষায় তারা একই নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্ব বজায় রাখবেন।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান বলেন, ‘দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গত ১৯ নভেম্বর দুর্বৃত্তদের অগ্নিসংযোগে গোপালগঞ্জের মুকসুদপুর থানা ক্ষতিগ্রস্ত হয়। উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে দ্রুত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সালথা থানার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে স্থানান্তর করি।’
তিনি আরও বলেন, ‘সংকটময় মুহূর্তে এ দায়িত্ব পালন করতে গিয়ে আমার নেতৃত্বাধীন টিম সাহসিকতা, বিচক্ষণতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এ কাজের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় আমাকে ও আমার নেতৃত্বাধীন সব অফিসার-ফোর্সকে আন্তরিক অভিনন্দন, সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ স্বীকৃতি আমাদের ভবিষ্যতে আরও নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।’
এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্য গর্বের।





