সাজাপ্রাপ্ত আসামিকে নিয়ে আইনশৃঙ্খলা সভা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর গলাচিপায় সাজাপ্রাপ্ত আসামিকে নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত থেকে পাঠানো ওয়ারেন্টের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ওসি বলছেন, ‘তার নামে ওয়ারেন্ট আছে কি না, তা জানার চেষ্টা চলছে।’
গত সোমবার উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত ভবনের চতুর্থ তলার হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সেক্রেটারি ওসি মো. ইমতিয়াজ আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিযুক্ত মোসাম্মদ রেনু আক্তার। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি রেনু আক্তারকে গ্রেপ্তার না করার বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পুরো বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। জেনে আপনাকে জানানো হবে।’
ওসি আরও বলেন, ‘সভাটির আয়োজক উপজেলা প্রশাসন। সেখানে কে উপস্থিত থাকবে আর কে থাকবে না, সেটি তাদের ব্যাপার। প্রতিদিন অনেক ওয়ারেন্ট থাকে থানায়, সবগুলোর নাম আমাদের তাৎক্ষণিক জানা থাকে না। ওনার নামে ওয়ারেন্ট আছে কি না, সেটি আমরা জানার চেষ্টা করছি।’
এদিকে রেনু আক্তারের বিরুদ্ধে সি আর মামলা নম্বর ৪৭৯/১৭-এ ওয়ারেন্ট ইস্যুর একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কপিতে তাকে আদালতে হাজির করার নির্দেশসংবলিত আদেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষর দেখা যায়। নথিতে থাকা তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এক বছরের সাজা রয়েছে এবং তাকে আদালতে হাজির করার জন্য ওয়ারেন্ট জারির বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রেনু আক্তার বলেন, ‘ওই মামলায় আমি গত মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি।’
জামিনের কপি বা আইনজীবীর নাম জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, তিনি কমিটির সদস্য না, তবে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে এসেছিলেন। আর সাজা বা ওয়ারেন্টের বিষয়টি তো পুলিশের দেখার কথা, আমাদের না। ওসি সাহেব তো এই কমিটির সেক্রেটারি।





