ক্লাসের বাইরে হট্টগোলের অভিযোগে দুই ছাত্রকে পেটালেন শিক্ষক

বরিশাল জিলা স্কুল
কোচিং ক্লাসের বাইরে হট্টগোল করার অভিযোগে বরিশাল জিলা স্কুলের দুই ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে ঘটেছে এ ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানালেন, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের কোচিং করাচ্ছিলেন। দুপুর ১২টার পর দিবা শাখার শিক্ষার্থীরা ২০৮ নম্বর কক্ষের সামনে ক্লাসের অপেক্ষায় ছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী কোচিং কক্ষের সামনে হাঁটাহাঁটি ও দরজায় ধাক্কা দেওয়ায় শিক্ষক রফিকুজ্জামান ক্ষুব্ধ হন। পরে তিনি বের হয়ে দিবা শাখার শিক্ষার্থী আল আরাফ ও বর্ষণ বেপারীকে মারধর করেন।
তারা দুজনই ষষ্ঠ শ্রেণির ছাত্র।
আল আরাফের মা মারিয়াম আক্তার লিজার অভিযোগ, তার ছেলে কোনো ধরনের হট্টগোলে জড়িত ছিল না। শিক্ষক তাকে ধরে মোটা লাঠি দিয়ে দুই পায়ের উরুতে পিটিয়েছেন। এ সময় তার গলা থেকে আইডি কার্ড খুলে নিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আল আরাফের জ্বর এসেছে এবং ঠিকমতো হাঁটতে পারছে না। এ ঘটনায় প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
মারিয়াম আক্তার জানালেন, সোমবার এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি চাই।
অভিযোগের বিষয়ে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার বলছিলেন, ‘আপনারা যে অভিযোগ দিচ্ছেন, সেটা সত্য। এটা নিয়ে প্রধান শিক্ষক আমাদের সঙ্গে বসবেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের ভাষ্য, ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। সোমবার বসব। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





