এক সড়কেই ১০ গ্রামের ভাগ্যবদল

গ্রাফিকস: আগামীর সময়
কয়েক মাস আগেও পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা এলাকার ১০ গ্রামের সবজি নিয়ে হাটে পৌঁছানো ছিল রীতিমতো যুদ্ধ। লাউ, করলা কিংবা শসা নিয়ে ভাঙা সড়কে চলতে গিয়ে উল্টে যেত ভ্যান। কাদামাটিতে নষ্ট হতো তাজা সবজি। বাজারে পৌঁছানোর আগেই ফসলের একটা অংশ নষ্ট হয়ে যাওয়ায় ন্যায্য দামও মিলত না। তবে সেই চিত্র বদলে গেছে। খানাখন্দে ভরা মেঠোপথের জায়গায় হয়েছে মসৃণ পাকা সড়ক। ভোর হওয়ার আগেই পিকআপ ও ট্রাকে করে গ্রামের সবজি চলে যাচ্ছে স্থানীয় আড়ত পেরিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য বলছে, লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন কাদিমপাড়া হাট আরএইচডি হয়ে বাবুলচারা সড়কটির সংস্কার করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এ কাজে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হয়েছে।
পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলামের মতে, সড়কটি চালু হওয়ার পর কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে এবং এর প্রভাব পড়ছে এলাকার সামগ্রিক অর্থনীতিতে। পর্যায়ক্রমে পাবনার অন্যান্য কৃষিপ্রধান গ্রামীণ সড়কও আধুনিক ও উন্নতমান করা হবে।





