রাজশাহী
জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীকে মেরে রক্তাক্ত

প্রতিপক্ষের হামলায় আহত আইনজীবী ইয়ামিন আলী
রাজশাহীতে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই বাদী পক্ষের আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই আইনজীবী মারাত্মকভাবে যখম ও রক্তাক্ত হয়েছেন।
পরে উপস্থিত লোকজন হামলাকারীদের কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আজ রবিবার বিকালে রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তার করা একটি মামলায় রবিবার বিকালে আদালতে হাজির হন অভিযুক্তরা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর অভিযুক্ত পক্ষের কয়েকজন আদালত চত্বরেই অবস্থান করেন। পরে আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়ামিন আলীকে ঘিরে ধরেন তারা। একপর্যায়ে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়।
হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন ইয়ামিন আলী। তবে সেখানেও তার ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। এ সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন কয়েকজনকে আটক করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানালেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার বাঁ হাত ভেঙে দিয়েছিলেন। এ ঘটনায় তিনি মামলা করেন। রবিবার মামলার আসামিরা আদালত থেকে জামিন পাওয়ার পর তার ওপর হামলা চালান।
ইয়ামিন আলীর অভিযোগ, জামিন পাওয়ার পর থেকেই আসামিপক্ষের লোকজন আদালত চত্বরে তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরে হামলা করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
এদিকে আদালত চত্বরে একজন আইনজীবীর ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বললেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে আইনজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এ ঘটনাকে মোটেও ছোট করে দেখছি না। মামলা করব।’
রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পুলিশকে পরিস্থিতি শান্ত করে।




