পাঁচ দিন পর দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় নেই সেই নারী

গত মঙ্গলবার থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। আগের ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করার পর সেই নারীকে আর দেখা যাচ্ছে না। রবিবার সকাল থেকে পাথরের চর সীমান্তের শূন্যরেখায় তাকে পাওয়া যায়নি। বিজিবি ও স্থানীয়দের ধারণা, সীমান্তে নজরদারি জোরদার হওয়ায় রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীকে সরিয়ে নিয়েছে। তবে তাকে কোথায় নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানালেন, গত মঙ্গলবার থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। রবিবার সকালে তাকে দেখতে না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান তারা।
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বললেন, সকালে এলাকার লোকজন ওই নারীকে দেখতে না পেয়ে তাকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পাননি।
বিজিবির একটি সূত্র জানায়, সীমান্তে স্থানীয় বাসিন্দা ও বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ রাতের কোনো একসময় ওই নারীকে সরিয়ে নিয়ে থাকতে পারে।
এর আগে গত মঙ্গলবার সকাল আটটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ওই নারী শূন্যরেখায় অবস্থান নেন। টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে তীব্র ঠান্ডা ও রোদ উপেক্ষা করে তাকে সেখানে থাকতে দেখা যায়। এ সময় এক কাপড়ে, প্রায় না খেয়ে মাটিতে বসে ও শুয়ে দিন কাটান তিনি।
এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান ও পুশইন ঠেকাতে নজরদারি জোরদার করেছে জামালপুর ৩৫ বিজিবি। এর অংশ হিসেবে গতকাল শনিবার ধানুয়া কামালপুরসহ জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার ৭২ কিলোমিটার এলাকাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবির ৩৫ ব্যাটালিয়ন। ঝুঁকিপূর্ণ ও চোরাচালানপ্রবণ এলাকায় ইতিমধ্যে ৩৫টি সিসিটিভি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানালেন, ভারতের সীমান্তেও সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট রয়েছে। তবে বিএসএফ নিজেদের প্রয়োজন অনুযায়ী এসব বাতি জ্বালায় ও বন্ধ রাখে। তাদের অভিযোগ, রাতের বেলায় বাতি বন্ধ রেখে মাদক পাচার, চোরাচালান ও পুশইনের চেষ্টা করা হয়। বাংলাদেশের সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানোর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বললেন, ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে। সীমান্তে টহলের পাশাপাশি এসব ক্যামেরার মাধ্যমেও নজরদারি করা হবে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে এগুলো সহায়ক হবে। পর্যায়ক্রমে পুরো সীমান্তে এ ব্যবস্থা চালু করা হবে।
বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, সীমান্তে নজরদারি বাড়ানোর কারণেই বিএসএফ ওই নারীকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে। তবে তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।



