চট্টগ্রামে গ্রেপ্তার সেই ৬৩ বিদেশি রিমান্ডে

গ্রেপ্তার বিদেশি নাগরিকেদের কয়েকজন। ফাইল ছবি
চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানিতে এ আদেশ দিলেন চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিদুল ইসলাম।
তাদেরকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ।
চট্টগ্রাম মহানগর আদালতের জিআরও শাখার খুলশী থানার এসআই রাজীব কান্তি দে আগামীর সময়কে জানিয়েছেন, আসামিদের প্রত্যেককে দুদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। তাদের কেউ জামিনের আবেদন করেননি।
গত বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানার জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি সাততলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৩৫ জন লাওসের, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন এবং নেপাল ও ভিয়েতনামের ২ জন।
তাদের বিরুদ্ধে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই মোহাম্মদ রেজাউল করিম খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ঘটনাস্থলে অবস্থান করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ আত্মসাত এবং ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধ সংঘটনের অভিযোগ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ৬৩ জন চীন থেকে পরিচালিত একটি সাইবার অপরাধী নেটওয়ার্কের সদস্য। পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া ও লাওসে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে তারা নিরাপদ ঘাঁটি গড়ার চেষ্টা করছিলেন বাংলাদেশে এসে।




