চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আটক দুই ছাত্রলীগ কর্মী

ভাঙচুরের পর ইলিয়াস ব্রাদার্সের পুরনো কার্যালয়
একসময়ের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ চট্টগ্রামভিত্তিক ইলিয়াস ব্রাদার্সের পুরনো কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অবস্থিত গ্রুপটির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় কিছু লোক সেখানে হামলা চালায়। এ সময় শিল্প গ্রুপের কর্মীরা তাদের ধাওয়া দেয় এবং দুজনকে ধরে ফেলে। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকালে ঘটে এ ঘটনা। আটকরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। এদের একজন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাহী সদস্য তানজীরুল হক। অন্যজন অনীক দত্ত কর্মী।
ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম ঘটনার সময় কার্যালয়ে ছিলেন না। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং ওই এলাকায় বিএনপির সংসদ সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তিনি অভিযোগ করেছেন, ‘আমি জানি না কাদের ইন্ধনে ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকেরা এই কাজ করেছে। এভাবে চললে আজকে আমার অফিসে, আগামীতে আপনার অফিসে হামলা করবে। তাই সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ইলিয়াস ব্রাদার্সের কার্যালয় পার হওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল থেকে ব্যঙ্গ করা হচ্ছিল। এরপর কয়েকজন লাঠিসোঁটা হাতে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে ঢুকে পড়ে। প্রতিষ্ঠানের ভেতর ভাঙচুর চালায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানালেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানজীরুল হক ও অনীক দত্ত নামের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।




