শুল্ক অর্ধেক এলসিও সহজ
রোজায় কি নাগালে থাকবে আপেল-মাল্টা-খেজুরের দাম
- ১০ মার্চ পর্যন্ত খেজুরের কাস্টমস শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ
- শুল্ক ছাড়ের কারণে সরকার রাজস্ব হারাবে প্রায় ৬০০ কোটি টাকা

সংগৃহীত ছবি
ফেব্রুয়ারির শুরুতেই রমজান। ইফতারে চাই পুষ্টিকর ফল। কিন্তু বাজারে বিদেশি ফলের দাম চড়া। রমজান ঘিরে স্বস্তি ফেরাতে সরকার সাধারণ ভোক্তাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। সেপ্টেম্বরে ঋণপত্র খোলা সহজ করেছে। ন্যূনতম মার্জিন বা বাকিতেও ফল আমদানির সুযোগ দিয়েছে। এখন আপেল, মাল্টা ও খেজুরে বড় ধরনের শুল্ক ছাড় পাবেন ব্যবসায়ীরা। এত সুবিধার পরও কি ভোক্তার নাগালে আসবে এসব ফল? ক্রেতাদের যে পরিমাণ মূল্য ছাড় সুবিধা পাওয়ার কথা, বাস্তবে তা পাবেন কি না— উঠেছে সে প্রশ্ন।
বিদেশি ফল আমদানিতে এতদিন চড়া শুল্ক ছিল। সরকারি সিদ্ধান্তে আপেল ও মাল্টা আমদানিতে পূর্বে মোট করভার বা শুল্ক ছিল ১২১ শতাংশ, যা কমিয়ে মাত্র ৬১ শতাংশে (অর্ধেকে) নামিয়ে আনা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি শুধু এক মাস এই কর ছাড় কার্যকর থাকবে। পাশাপাশি রমজানে অপরিহার্য খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ করা হয়েছে, যা ১৬ নভেম্বর থেকে আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
ফল আমদানিকারক আল মদিনা ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন বললেন, ‘শুল্ক কমানোর ফলে রমজানের বাজারে এর সুফল মিলবে। নতুন করহার কার্যকর হলে মাল্টা ও কমলায় প্রতি কার্টনে ৮০০ টাকা শুল্ক কমবে। সে হিসাবে কেজিতে শুল্ক কমবে ৫৪ টাকা। আপেলেও কমবে ৪০ টাকা। শুল্ক ছাড়, ঋণপত্র খোলা সহজ করায় এসব ফলের আগের চেয়ে আমদানি অনেক বাড়বে। আমদানি বাড়লে দাম আরও কমবে।’
চট্টগ্রামে বিদেশি ফলের পাইকারি বাজার ফলমণ্ডিতে ২০ কেজির আপেল বিক্রি হচ্ছে ৪ হাজার ৩০০ টাকায়। অর্থাৎ কেজি ২১৫ টাকায়। খুচরায় এ আপেল ৩৫০ থেকে ৩৮০ টাকা। আড়তে ১৫ কেজির মাল্টা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০, কেজিতে ২১৩ টাকা। খুচরায় সেই মাল্টা বিক্রি হচ্ছে ৪০০ টাকার ওপর। ফলে আড়তের সঙ্গে খুচরার ব্যবধান বিশাল। সরকার খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে নামিয়ে এনেছে। এতে সাধারণ ও মাঝারিমানের খেজুরে কেজিতে দাম কমবে ৬০ টাকা। আর দামি খেজুরে দাম কমবে ২৫০ টাকার বেশি।
আমদানিকারক নাসির উদ্দিন মাহমুদ বললেন, ‘শুল্ক কমানোর সুফল পেতে হলে বাজারে সরবরাহ নিশ্চিত করতে হবে। বাজারেও তদারকি থাকতে হবে। এতেই ভোক্তার কাছে সঠিক দামে ফল পৌঁছবে।’
শুল্ক কমানোর আগেই গত সেপ্টেম্বরে সরকার ঋণপত্র খোলা সহজ করেছে। আগে ১ কোটি টাকার ফল আনতে ব্যবসায়ীদের পুরো টাকা আগাম ব্যাংকে জমা রাখতে হতো। শতভাগ মার্জিনের সেই কড়াকড়ি এখন আর নেই। এখন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মাত্র ১০ থেকে ২০ শতাংশ মার্জিনে এলসি খোলা যাচ্ছে। এমনকি ন্যূনতম মার্জিন বা বাকিতেও ফল আমদানির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। এতে ছোট আমদানিকারকরাও বাজারে ফিরছেন। এর প্রমাণ মেলে চট্টগ্রাম কাস্টমসের পরিসংখ্যানে। ২০২৫ সালের পুরো বছরে প্রায় ১ লাখ ৪৯ হাজার টন আপেল আমদানি হয়। এ ছাড়া ১ লাখ ২৩ হাজার টন মাল্টা ও কমলা এবং ৯৪ হাজার টন খেজুর আমদানি হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসেই ১ লাখ ৫৫ হাজার টন আপেল দেশে এসেছে। একই সময়ে ১ লাখ ১১ হাজার টন মাল্টা-কমলা এবং প্রায় ৭১ হাজার টন তাজা ও শুকনো খেজুর আমদানি হয়েছে। সরকার শুল্ক কমানোয় ডিসেম্বর পর্যন্ত এ আমদানি আরও বাড়বে। রমজানের আগেই বাজারে ফল পৌঁছাতে এরই মধ্যে ব্যবসায়ীরা চীনে পৌঁছে সরবরাহকারীর সঙ্গে বৈঠক করছেন। বেইজিং থেকে ফলমণ্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলছিলেন, ‘রমজানে চীন ও মিসরের মাল্টাই বাজারে থাকবে। চীন এসে বুকিং কনফার্ম করছি। আশা করছি সরবরাহ অনেক বাড়বে।’
বিপুল পরিমাণ এ ফল আমদানিতে শুল্ক অর্ধেক করায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাবে। কাস্টমসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের ১০ মাসে শুধু আপেল, মাল্টা ও খেজুর থেকে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০২৫ সালে এই তিন ফল থেকে সরকার রাজস্ব পেয়েছিল প্রায় ৪ হাজার কোটি টাকা। তিন ধরনের ফল আমদানিতে শুল্ক কমানোর কারণে সরকার অন্তত ৬০০ কোটি টাকার রাজস্ব হারাতে পারে।
এই বিপুল রাজস্ব হারালেও সরকার ভোক্তার স্বার্থ বিবেচনায় শুল্ক ছাড় দিয়েছে। শেষ পর্যন্ত এর সুফল মিলবে কি না, তা নিয়ে বেশ সংশয় রয়েছে। কারণ রমজানের আগমুহূর্তে দেখা যাবে ডলার সংকট। ডলার বিনিময় হার বেশি থাকাসহ নানা অজুহাতে দাম খুব বেশি কমাবেন না খুচরা-পাইকারি ব্যবসায়ীরা।



