চট্টগ্রামে ছাত্রলীগের সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: আগামীর সময়
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার শোলকাটায় লাবিবা কনভেনশন হলের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে একদল ছাত্রলীগ লাবিবা কনভেনশন হলসংলগ্ন চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী সড়কে অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। বিক্ষোভ চলাকালে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামেও স্লোগান দিতে দেখা যায় তাদের। এতে ওই সড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সেখান থেকে সরে যান।
এ ঘটনায় এলাকায় সাময়িক অসুবিধা সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি।
আজ দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট বা লকডাউন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।
গত ৬ নভেম্বর এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয় তারা।




