ডেঙ্গুতে তিন দিনে দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা

দুই ভাই আরাফাত ও আরব। সংগৃহীত ছবি
হিলভিউ ১ নম্বর সড়কের বাসায় ১০ দিন পর ফিরেছে শিশু আবু বক্কর আরব। সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ আরবের। কিন্তু মা আমেনা বেগম তার আদরের সন্তানকে দেখতে কাছে যাচ্ছেন না। পালিয়ে বেড়াচ্ছেন তিনি। অসংলগ্ন আচরণ করছেন।
ডেঙ্গু ও হাম উপসর্গে মারা যাওয়া ১০ মাসের আরবের মরদেহ বাসায় নেওয়া হলে এমন চিত্র দেখা যায়। গতকাল রবিবার গভীর রাত সোয়া ১টার দিকে মা-শিশু জেনারেল হাসপাতালে আরব মারা যায়। এর আগে গত শুক্রবার ডেঙ্গু ও হাম উপসর্গে মারা যায় আরবের বড় ভাই ১০ বছরের মোহাম্মদ আরাফাত। তিনদিনে দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় আমেনা বেগম।
আজ সকালে বাবা মোহাম্মদ কবিরের কোলে চড়ে আরব বাসায় আসে। সঙ্গে কবিরের মা রহিমা বেগম। স্ত্রী আমেনা বোনের বাসায় ছিলেন। ছেলেকে শেষবারের মতো দেখতে আনা হয়েছিল আমেনাকে।
কবির বললেন, ‘আমার স্ত্রী পাগল হয়ে গেছেন। আজ আরবকে আনার পর তাকে ডেকে আনা হয়। সে পালিয়ে যাচ্ছে বারবার। বলছে, এখানে কেউ আছে। আমাকেও সে চিনতে পারছে না। একসঙ্গে দুই সন্তান হারানোর পর কার মাথা ঠিক থাকে বলেন।’
প্রায় দু সপ্তাহ আগে কবিরের বড় ছেলে আরাফাতের জ্বর আসে। প্রথমদিকে বাসায় চিকিৎসা চলছিল। এর পর তাকে প্রথমে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সাউর্দান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরে ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আর্থিক সমস্যার জন্য সেখানে চিকিৎসার খরচ চালাতে পারছিলেন না। তাই মা-শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল আরাফাতকে।
বড় ছেলের কয়েকদিন পর আরবও অসুস্থ হয়ে পড়ে। তাকেও সাউর্দান ও মেরিন সিটি হাসপাতালের পর মা-শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই ভাইয়ের একসঙ্গে চিকিৎসা চলছিল। এরমধ্যে শুক্রবার সকালে মারা যায় আরাফাত। ওইদিন বিকেলে মোমেনবাগ আবাসিক এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন শেষে কবির হাসপাতালে আরবের কাছে ছুটে যান। তখন সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে ছোট্ট আরবকে আর ফেরানো যায়নি। রাত ১টার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
আরবকে আজ আরাফাতের পাশে দাফন করে শূন্য বাসায় ফিরেছেন কবির। তিনি একটি ওষুধ কোম্পানির লোডার হিসেবে কাজ করেন। বাড়ি ময়মনসিংহে। অনেক ধারদেনা হয়ে গেছে তার। চার লাখ টাকার বেশি খরচ হয়েছে দুই ছেলের চিকিৎসায়। দুই ছেলে হারানোর পর এখন স্ত্রীও তাকে চিনতে পারছেন না। একেবারে নিঃস্ব হয়ে গেলেন কবির। নিজে যে শোক করবেন সেই ফুরসতও নেই তার।
কবির বললেন, ‘আমার স্ত্রী বড় ছেলের মৃত্যুর পর থেকেই চুপচাপ হয়ে গেছে। সে আর হাসপাতালে যায়নি। মাঝেমধ্যে কান্না করে। এখন একেবারেই ভেঙে পড়েছে। মানসিক ভারসাম্য হারিয়েছে। এখন পাশেই তার বোনের বাসায় থাকে।’




