কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুটিতে থাকা স্বামী-স্ত্রীর

গ্রাফিকস: আগামীর সময়
স্কুটিতে ছিলেন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যান পেছন থেকে সেটিকে ধাক্কা দিল। এতে গুরুতর আহত দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
নিহতরা হলেন, মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা নগরীর চকবাজার থানার ডিসি রোডের বাসিন্দা। বাড়ি রাউজান উপজেলায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানালেন, মুরাদপুর কনভেনশন হলের সামনে ফ্লাইওভারের প্রবেশপথে স্কুটিকে কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়েন দম্পতি। এরপর তাদের উদ্ধার করে হাসপাতলে নিয়ে যান স্থানীয়রা।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটিকে আটকে রাখে। গাড়িতে থাকা এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবক কাভার্ড ভ্যানের চালক না-কি সহকারী সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানালেন ওসি।





