নিউমার্কেটে চসিকের উচ্ছেদ অভিযান: হকারদের জন্য হবে ‘ইভিনিং মার্কেট’

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ বৃহস্পতিবার দুপুরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে মেয়র জানান, হকারদের কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। তাই সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। তবে হকারদের জীবিকার বিষয়টিও সিটি করপোরেশনের বিবেচনায় রয়েছে।
হকারদের পুনর্বাসনের বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু উচ্ছেদ করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই পরিকল্পিতভাবে ‘ইভিনিং মার্কেট’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে ও সময়ে হকাররা যাতে ব্যবসা করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এতে হকারদের জীবিকা যেমন চলবে, তেমনি নাগরিকদের চলাচলের অধিকারও নিশ্চিত হবে।
চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে চসিকের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেয়র। তিনি বলেছেন, অবৈধভাবে ফুটপাত দখল করে জনদুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না। উচ্ছেদ করা জায়গা যেন পুনরায় দখল না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদেরও আইন মেনে নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান জানান তিনি।
উচ্ছেদ অভিযানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং চসিকের ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।




