চট্টগ্রামে মদ পানে দুজনের মৃত্যু, হাসপাতালে ৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ
চট্টগ্রামে মদপানের পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গতকাল রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান উজ্জ্বল মহাজন (৫২) ও নান্টু ঘোষ (৫০)। তাদের বাড়ি নগরীর চান্দগাঁও থানার মোহরা খেজুরতল এলাকায়।
অসুস্থ তিনজনের মধ্যে ৩২ বছর বয়সী এক যুবক নগরীর মেহেদিবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বাকি দুজনের বয়স ৩৯ ও ৫৬ বছর। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আগামীর সময়কে জানিয়েছেন, গত শুক্রবার রাতে মোহরা খেজুরতলা এলাকায় রেললাইনসংলগ্ন মগদেশ্বরী মন্দির মোড়ে শিল্পী নকুল কুমার বিশ্বাসের একটি সংগীতানুষ্ঠান চলছিল। সেখানে মদপানের পর পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, রবিবার দুজনের মৃত্যুর পর বিষয়টি জানাজানি হয়। এরপর পুলিশ ঘটনাস্থল ও এলাকায় খোঁজ নিয়ে জানতে পারে, মৃত দুজনের মরদেহ ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হয়েছে।
নান্টু ঘোষের মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের সনদে চিকিৎসক কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করেছেন বলে জানিয়েছেন ওসি ইখতিয়ার উদ্দিন।




