মাগুরায় ‘বিষাক্ত মদপানে’ দুই যুবকের মৃত্যু

ছবি: আগামীর সময়
মাগুরার শ্রীপুরে ‘বিষাক্ত মদপানে’ দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই যুবক হলেন, শ্রীপুর উপজেলার দমখোলা গ্রামের আলমগীর লস্কর ও মালদা গ্রামের বিধান বিশ্বাস।
পুলিশ ও মৃতের স্বজনরা জানালেন, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দির থেকে তারা ‘মদপান’ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে দুজনের মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



