রাজনৈতিক কারণে যোগ্য চিকিৎসক যেন বঞ্চিত না হন: শাহাদাত

বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন
চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো মেধাবী ও যোগ্য চিকিৎসক যেন বঞ্চনার শিকার না হন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সবার মূল্যায়ন করতে হবে।
আজ রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মান উন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিজিটিডিএ), চমেক হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেছেন, চিকিৎসাসেবার মান বাড়াতে আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংযোজন জরুরি। শিশুদের জীবন রক্ষায় অক্সিজেন কনসেনট্রেটরের মতো যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শুধু একটি বিভাগে সীমাবদ্ধ না রেখে হাসপাতালের অন্যান্য বিভাগেও সম্প্রসারণ করা প্রয়োজন। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও স্বাস্থ্যসেবার উন্নয়ন থেমে থাকা উচিত নয়। কোনো সরকারের নেওয়া ভালো উদ্যোগ পরবর্তী সরকার এসে বন্ধ করে দেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। জনকল্যাণমূলক কার্যক্রমকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিজিটিডিএ, চমেক হাসপাতালের সভাপতি ডা. তানভীর হাবীব তান্না। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদ।
বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ প্রমুখ।




