জাল নোটের কারবারে প্রস্তাব
৯৯৯-এ ফোন করে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

গ্রেপ্তার শাহ আলম
স্ত্রীকে জাল নোটের কারবারে জড়াতে চাপ দিচ্ছিলেন স্বামী। এ নিয়ে ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি। পরে স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানিয়েছেন। পুলিশ সেখানে গিয়ে একটি কক্ষ থেকে পান ৫৪টি ৫০০ টাকার জাল নোট। গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।
আজ মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায়। গ্রেপ্তার শাহ আলমকে ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আগের সংসারের এক ছেলেকে নিয়ে প্রায় এক বছর আগে শাহ আলমকে বিয়ে করেন জান্নাত আরা। বিয়ের পর থেকেই শাহ আলম তার স্ত্রীকে বিভিন্নজনের কাছে জাল নোট সরবরাহের জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের সংসারে প্রায়ই অশান্তি হতো।
সোমবার সন্ধ্যার পর ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ শাহ আলমের বাড়িতে যায়। সেখানে একটি কক্ষের ভেতর তাকে আহত অবস্থায় তালাবদ্ধ পাওয়া যায়। তাকে উদ্ধার করে ওই কক্ষ তল্লাশি করে ২৭ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। জান্নাত আরাও আহত ছিলেন। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, জান্নাতের ছেলে মোহাম্মদ তানভীর তার মাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ ছাড়া জাল নোট রাখার অভিযোগে পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হাকিম লিটন জানিয়েছেন, শাহ আলম দীর্ঘদিন ধরে জাল নোটের কারবারে জড়িত। এ-সংক্রান্ত আগের দুটি মামলায় তিনি জামিনে আছেন।







