এবার চাঁদার জন্য ব্যবসায়ীর ভবনে গুলির মামলায় রিমান্ডে ডেভিড ইমন

গ্রেপ্তার ডেভিড ইমন। ছবি : আগামীর সময়
চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদার জন্য ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে গুলির মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আরও পাঁচদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। হত্যা ও অস্ত্র আইনের অন্য দুই মামলায় আদালতের নির্দেশে এরইমধ্যে তাকে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম পুলিশের আবেদনের শুনানিতে আসামিকে দিয়েছেন পাঁচ দিনের রিমান্ডে।
জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বললেন, ‘চাঁদাবাজি ও গুলির মাধ্যমে আতঙ্ক ছড়ানোর এক মামলায় ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত ৫ দিন মঞ্জুর করেছেন।’
১০ দিনের রিমান্ড শেষে আজ দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। আবার রিমান্ডে পেয়ে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গত ২৬ জুলাই হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও গুলির ঘটনা ঘটে। জসিম উদ্দিন নামে ওই ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে মামলায় তিনি অভিযোগ করেন।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। থাকতেন নগরের বায়েজিদ বোস্তামি এলাকায়। বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী তিনি।
গত ২৯ জুলাই ভারতে পালানোর সময় যশোরে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ৩০ জুলাই তাকে চট্টগ্রামে এনে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।




