চুয়েট সংকট নিরসনের দাবিতে ২০ মিনিট সড়ক অবরোধ

অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।
এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ২০ মিনিটের অবরোধ শেষে তারা সড়ক থেকে চলে যান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা দ্রুত সংকটের স্থায়ী সমাধান এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা আরও জানান, আমরা সরকারের সংকট বুঝি। সরকারও যেন আমাদের সংকট বুঝতে পারে, সেটাই আমাদের চাওয়া। আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাই। আমাদের ক্লাসে ফেরার ব্যবস্থা করুন। সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ও স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুরোধে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে প্রশাসন জানে, চুয়েটের শিক্ষার্থীরা চাইলে কী করতে পারেন।
সংকটের সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরে অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
গত ২১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর চুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হয়েছিল। তবে সংকটের সমাধান না হওয়ায় আবারও শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা।



