ইউপি নির্বাচন: শিগগির ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগ

চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়
ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়। ভোটার তালিকা ও কেন্দ্র প্রস্তুত সম্পন্ন হয়েছে আগেই। নির্বাচন কমিশনের চিঠি পেলেই ভোট গ্রহণকারী কর্মকর্তা নিয়োগের কাজ শুরু হবে।
প্রথম দফায় ২১ জানুয়ারি চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা রয়েছে।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সারা দেশে প্রথম দফায় ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা জানান। এরমধ্যে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও হাটহাজারী উপজেলার ইউনিয়ন পরিষদও রয়েছে। তবে এখনো কমিশন থেকে কার্যালয়গুলো কোনো নির্দেশনা পায়নি।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, ব্রিফিংয়ে ২১ জানুয়ারি থেকে নির্বাচন শুরু হবে বলে বলা হয়েছে। চট্টগ্রামেরও চারটি উপজেলার কথা শোনা যাচ্ছে। এ সংক্রান্ত এখনো কোনো চিঠি কিংবা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আশাকরি আগামীকালের মধ্যে সেটা জানতে পারব। তবে আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি। চূড়ান্ত নির্দেশনা পেলে ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য চিঠি ইস্যু করা হবে।
চট্টগ্রামেরর এই চার উপজেলার ইউপিতে নির্বাচন হবে। এরমধ্যে মিরসরাইতে ১৬ ইউনিয়ন, হাটহাজারীতে ১৪ ইউনিয়ন, সীতাকুণ্ডে ৯ ইউনিয়নে এবং সন্দ্বীপে ১৪ ইউনিয়ন রয়েছে। সন্দ্বীপের উরিরচর ইউনিয়নের বেশকিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এবং সীমানা জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না।
মিরসরাইয়ের ইউপিতে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৪৪২ জন। কেন্দ্র ১৫০টি। সন্দ্বীপে ২ লাখ ১৪ হাজার ৭৯৩ জনের বিপরীতে কেন্দ্র রয়েছে ১৩১টি। সীতাকুণ্ডে ভোটার ২ লাখ ৯৯ হাজার ৫৮৫ জন। কেন্দ্র ৯৭টি। হাটহাজারীতে ৩ লাখ ৫০ হাজার ৬৯৭ জনের বিপরীতে কেন্দ্র ১৪০টি।
চট্টগ্রামে বর্তমানে ১৬ উপজেলায় ১৮৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মোট ভোটার ৪১ লাখ ৩৭ হাজার ৪২৭ জন। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।



