ওভারলোড ফেস্টিভ্যাল আসর এবার চট্টগ্রামে

ওভারলোড ফেস্টিভ্যাল
আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে লাইভ মিউজিক উৎসব ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’।
নগরীর নেভি কনভেনশন সেন্টারে লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে দেশের জনপ্রিয় ছয়টি রক ব্যান্ড ও শিল্পী পারফর্ম করবেন।
উৎসবে থাকছে অর্থহীন, অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
নতুন লাইনআপ নিয়ে চট্টগ্রামে মঞ্চে ফিরছে অর্থহীন। গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর প্রথম আসরের পর এবার চট্টগ্রামে আয়োজনটি নিয়ে আসছেন উদ্যোক্তারা।
সংগীত, শক্তি ও আবেগের সম্মিলিত উদযাপনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আধুনিক স্টেজ প্রোডাকশন, সাউন্ড ও লাইটিংয়ের আয়োজন। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
আগামী ১১ সেপ্টেম্বর বেলা ২টায় দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে এবং বেলা ৩টায় শুরু হবে কনসার্ট।
অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের মাটিতে ফেরার বিষয়টি নিজেদের ফেসবুক পেজেও জানিয়েছে অর্থহীন। ফলে প্রিয় ব্যান্ড ও শিল্পীদের এক মঞ্চে দেখার সুযোগকে ঘিরে ইতোমধ্যে রক সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।





