১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

সংসদে কথা বলছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে
ওয়াটার বাস সেবা চালু আছে গত ১০ বছর ধরে। এই সময়ে ওয়াটার বাসে লোকসান হয়েছে ৫৭ কোটি টাকা। প্রতি বছর গড়ে প্রায় ৫ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানালেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ সোমবার সংসদে তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চলাকালে ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নে এ কথা বলেন তিনি।
নৌমন্ত্রী বলেন, দেশের নৌপথের সাড়ে ৭ হাজার কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা সচল রয়েছে। আরো ১২০০ কিলোমিটার ড্রেনেজের কাজ চলমান। তাই ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত, এ কথা বলার সুযোগ নেই। এ ছাড়া নৌরুট যেখানে যেখানে সচল আছে, নিয়মিতই সেখানে ড্রেনেজ করা হচ্ছে।
ঢাকার আশপাশের নদী দূষণের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ঢাকার আশপাশের নদীগুলো দূষিত। কোন প্রক্রিয়ায় নদীগুলো দূষিত হয়েছে তা চিহ্নিত করে ৪২৪টি স্পট নির্ধারণ করা হয়েছে। সেখানে আছে ক্যামিকাল, লিকুইড ও সলিড বর্জ্য।
দূষণ বন্ধের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকার পাশের ৫টি নদী দূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে ওয়াসা, ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি করপোরেশন, পানি সম্পদ মন্ত্রণালয় ও বিআইডব্লিউ এক সঙ্গে কাজ করছে। এ ছাড়া শিল্প বর্জ্য যাতে নদীতে না ফেলা হয়, সেজন্য পরিবেশ ও শিল্প মন্ত্রণালয় সহযোগিতা করছে।
মন্ত্রী জানান, ওয়াটার বাস চালুর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। নতুন করে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে বিআইডব্লিউটিএ। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস চালু করা হবে।






