অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে
প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের ৫ শতাংশের বেশি অবৈধভাবে খরচ হচ্ছে অটোরিকশার চার্জিংয়ে। সারা দেশে বৈধ চার্জিং পয়েন্ট আছে প্রায় ৩ হাজার ৩০০। অন্যদিকে শুধু ঢাকাতেই অবৈধ চার্জিং পয়েন্ট আছে ৪৮ হাজারে বেশি। এখান থেকে প্রায় প্রতি বছর ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে প্রায় ৫০-৮০ লাখ অটোরিকশা রয়েছে। বেকার সমস্যা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রেখে যানবাহনগুলো নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরণের নীতিমালা তৈরি করা হচ্ছে। লেড-এসিড ব্যাটারি বাদে পরিবেশবান্ধব নিরাপদ ব্যাটারি আনার নীতিমালা এবং ব্যাটারিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ট্র্যাকার বসিয়ে একটি গাড়ি যাতে একজনই চালাতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সমাধানের পথ হিসেবে তিনি বলেন, ‘এই নীতি বাস্তবায়ন হলে চালকরা যেন বেকার না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হবে। তাদের একটি রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য কাজ চলছে। রাজধানীর ১৭টি জায়গায় ৫০টি এআই ক্যামেরা লাগানো হয়েছে। সামনে আরো ২০০টি ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হচ্ছে। অটোরিকশাগুলো নীতিমালার আওতায় চলে আসলে এই সমস্যা ঠিক হয়ে যাবে আশা করছি।’





