উপাচার্যের আপত্তির মুখেই পরীক্ষায় বসলেন চুয়েট শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফিরেছে পরীক্ষা কার্যক্রম। গতকাল রবিবার ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ৫৫০ জন শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স যথাযথভাবে অনুসরণ না করে পরীক্ষা আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুরকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগসহ ছয়টি বিভাগের পরীক্ষা নেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রথম পরীক্ষা স্থগিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল। পরে ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও পরীক্ষা শুরুর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। অবশেষে ক্লাস শুরুর ১৮ দিন পর পরীক্ষার আয়োজন করা হলো।
পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী ক্লাস ও পরীক্ষার সময়সূচি প্রণয়ন করা হয়নি। কয়েকটি বিভাগের প্রধানের ওপর চাপ প্রয়োগ করে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে বলে শিক্ষার্থীরা তাকে জানিয়েছেন।
তিনি আরও জানালেন, একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল। তাই পরবর্তী কাউন্সিল সভায় বিষয়টি উত্থাপন করে আনুষ্ঠানিক আলোচনা করা হবে।
অন্যদিকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়মসম্মত বলে দাবি করেছেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া। তার ভাষ্য, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আগ্রহী হওয়ায় পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।
উপাচার্যের বক্তব্যের বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর বিষয়টি নিয়ে উপাচার্য কীভাবে একাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন, যেখানে তার আহ্বান করা সিন্ডিকেট সভাতেই বিশ্ববিদ্যালয়ের কেউ অংশ নেননি।
পরীক্ষায় অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি জানিয়েছেন, বর্তমান উপাচার্যকে তারা মেনে নেননি। তবে একাডেমিক কার্যক্রম সচল রাখার স্বার্থে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্লাস ও পরীক্ষা শুরু করেছেন। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি শিক্ষকদের একাংশ এবং কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও পরীক্ষা শুরু নিয়ে অনিশ্চয়তা কাটেনি। গতকাল রবিবার ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সেই অচলাবস্থা কিছুটা কাটল। তবে পরীক্ষা আয়োজনের নিয়ম ও বৈধতা নিয়ে উপাচার্যের আপত্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মতবিরোধ নতুন করে সামনে এসেছে।




