দিল্লির মদদে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও: হেফাজত

হেফাজতে ইসলাম
দিল্লির মদদে আওয়ামী লীগ দেশজুড়ে জ্বালাও-পোড়াও চালাচ্ছে বলে এক যৌথ বিবৃতিতে অভিযোগ তুললেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। টকশোতে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন তাদেরও সতর্ক করলেন তারা।
আজ শনিবার বিকালে হেফাজতের আমির ও মহাসচিবের এ বিবৃতি গণমাধ্যমে পাঠালেন সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে হেফাজত নেতারা বললেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। দলটির নেতাকর্মীরা ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী লীগ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে তারা বললেন, ‘তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করবো ইনশআল্লাহ। যারা টকশো ও বিভিন্ন প্লাটফর্মে পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলছে তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে। আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে না বলে আমরা মনে করি।’
হেফাজত নেতারা আরও বললেন, ‘আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদ ও আহতদের আকাঙ্খার বাইরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’



