দুই বছর চেষ্টা করেও কমেনি ওজন, চিতাবাঘের ডায়েট বন্ধ করল চিড়িয়াখানা

শিকারি প্রাণীর পরিচিত অবয়বটি যেন হারিয়ে গেছে তার শরীর থেকে
খাঁচার ভেতর বসে আছে বিশাল এক চিতাবাঘ। শরীরের সোনালি-হলুদ লোমের ওপর কালো ছোপ, কিন্তু ছিপছিপে শিকারি প্রাণীর পরিচিত অবয়বটি যেন হারিয়ে গেছে তার শরীরে। বরং পেট আর শরীরের গোলগাল গড়ন দেখে মনে হবে, বেশ আয়েশেই দিন কাটছে তার। এই চিতাবাঘের নাম পান বাওবাও। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় সে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তার চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি খবর— দুই বছর ধরে ওজন কমানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ!
চীনের সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া চিড়িয়াখানায় বসবাস পান বাওবাওয়ের। বয়স ১৯ বছর। তার গোলগাল চেহারা দেখে অনেকেই মিল খুঁজে পেয়েছেন অ্যানিমেশন চলচ্চিত্র জুটোপিয়ার পুলিশ কর্মকর্তা ক্লহাউজারের সঙ্গে। চলচ্চিত্রের সেই চরিত্রটিও ছিল বেশ মোটাসোটা। দর্শনার্থীদের তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতারাতি পরিচিতি পায় বাওবাও।
ডায়েট, ব্যায়ামেও কমেনি ওজন
২০২৪ সালে বাওবাওয়ের শরীরের বাড়তি ওজন নিয়ে আলোচনা শুরু হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার জন্য বিশেষ খাদ্যতালিকা ও ওজন কমানোর পরিকল্পনা করে। খাবারের পরিমাণ ও খাওয়ানোর পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। পাশাপাশি তার চলাফেরা বাড়াতে পাশের খাঁচার সঙ্গে মাঝের বেড়া সরিয়ে দেওয়া হয়। এতে থাকার জায়গা বেড়ে দাঁড়ায় প্রায় ৪৫ বর্গমিটার।
তবে দুই মাস পরও তার ওজনে দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি বলে সে সময় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল। পরে কিছুটা ওজন কমলেও সাম্প্রতিক সময়ে আবার আগের মতো গোলগাল হয়ে ওঠে বাওবাও। তার নতুন ছবি ও ভিডিও দেখে আবারও আলোচনা শুরু হয়।
এখন লক্ষ্য ওজন নয়, সুস্থ থাকা
সম্প্রতি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাওবাওয়ের বয়স বিবেচনায় এখন আর তাকে ওজন কমানোর জন্য কঠোর খাদ্যনিয়ন্ত্রণে রাখা হবে না। কারণ, ১৯ বছর বয়সী একটি চিতাবাঘের জন্য অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা শারীরিক অস্বস্তি তৈরি করতে পারে। বন্য পরিবেশে এ প্রজাতির প্রাণীরা সাধারণত ১২ থেকে ১৫ বছর বেঁচে থাকে। সে হিসাবে বাওবাও ইতিমধ্যে দীর্ঘ জীবন পার করেছে।
চিড়িয়াখানার কর্মীদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাওবাও প্রতিদিন প্রায় ৫০০ গ্রাম মাংস খায়। তার খাদ্যতালিকায় গরুর মাংসের পাশাপাশি মুরগির মাংসও থাকে। সম্প্রতি তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় উল্লেখযোগ্য কোনো সমস্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন তার ওজন স্থিতিশীল রাখা এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়াই প্রধান লক্ষ্য।
একসময় যে ওজন নিয়ে এত আলোচনা, সেই ওজন কমানোর প্রতিযোগিতা থেকে আপাতত অব্যাহতি পেয়েছে বাওবাও। খাঁচার ভেতর নিজের মতো থাকা, খাওয়াদাওয়া আর বিশ্রাম- এভাবেই কাটছে তার দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের কাছেও খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দি সান ডট কম, বায়োবায়োচিলি




