৩ কোটি বছর আগে ভেলায় চেপে আটলান্টিক পাড়ি দেয় একদল বানর

নদী পার হচ্ছেন জীবাশ্মবিদরা, পেছনে দেখা যাচ্ছে সান্তা রোজা জীবাশ্ম সাইট
কল্পনা করুন, আজ থেকে প্রায় ৩ কোটি ২০ লাখ বছর আগের এক ঝোড়ো রাতের কথা। আফ্রিকার আটলান্টিক উপকূলের এক ঘন জঙ্গলে তাণ্ডব চালাচ্ছিল প্রলয়ঙ্করী ঝড়। বাতাসের ধাক্কায় উপড়ে পড়া গাছপালা, মাটি আর ডালপালা একসঙ্গে পেঁচিয়ে তৈরি হলো এক প্রাকৃতিক ভেলা। আর সেই ভেলার ওপর ভেজা গায়ে, আতঙ্কে কাঁপতে কাঁপতে আশ্রয় নিয়েছিল একদল পুচকে বানর। তারপর সেটা ভাসিয়ে দেয় সাগরে। উত্তাল ঢেউ আর সামুদ্রিক স্রোতে ভাসতে ভাসতে তারা মহাসাগরের এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলল। দিন গড়িয়ে সপ্তাহ পার হলো, আর শেষমেশ এই রোমাঞ্চকর ও ভয়ংকর সমুদ্রযাত্রা তাদের এনে ফেলল হাজার মাইল দূরের একদম নতুন এক মহাদেশে–আজকের দক্ষিণ আমেরিকায়!
শুনতে গল্প মনে হলেও বিজ্ঞানীরা কিন্তু ঠিক এমন এক অবিশ্বাস্য আবিষ্কারের কথাই জানিয়েছেন। সম্প্রতি পেরুর ইউরুয়া নদীর তীরে এক গবেষণায় উন্মোচিত হয়েছে কোটি বছর আগের প্রাচীন কিছু জীবাশ্ম বা ফসিল। সেখানে অন্যান্য প্রাণীর পাশাপাশি গবেষকেরা খুঁজে পেয়েছেন চার-চারটি ছোট্ট দাঁতের ফসিল। আপাতদৃষ্টিতে সামান্য মনে হলেও বিজ্ঞানের জগতে এই দাঁতগুলোর গুরুত্ব অপরিসীম। কারণ, স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের গঠন সময়ের সঙ্গে খুব দ্রুত পরিবর্তিত হয় এবং প্রতিটি প্রজাতির দাঁতের ভাজ ও খাঁজ একদম আলাদা হয়। দাঁত পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, এগুলো 'প্যারাপিতেসিড' নামের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া এক বানর পরিবারের।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল এই প্যারাপিতেসিড প্রজাতির বানররা কেবল আফ্রিকাতেই বাস করত এবং সেখানেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। মিশরের ফায়ুম অঞ্চলে পাওয়া প্রাচীন বানরের দাঁতের সঙ্গে পেরুতে পাওয়া এই নতুন দাঁতগুলোর হুবহু মিল রয়েছে। পেরুতে আবিষ্কৃত এই নতুন প্রজাতির বানরের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে উকাযালিপিতেকাস পেরদিতা।
কিন্তু কোনো রকম নৌকা বা মানুষের সাহায্য ছাড়া এই বানররা এত বড় মহাসাগর পাড়ি দিল কীভাবে? উত্তরটা লুকিয়ে আছে তখনকার পৃথিবীর ভৌগোলিক অবস্থায়। আজ থেকে ৩ কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় দূরত্ব আজকের মতো এতটা বেশি ছিল না। তাছাড়া সে সময় জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকায় বরফ জমতে শুরু করায় সমুদ্রের পানির স্তর অনেকটাই নেমে এসেছিল। ফলে দুই মহাদেশের দূরত্ব ছিল অনেকটাই কম। উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ঝড়ের কবলে পড়ে সমুদ্রের জলে ভেসে যাওয়া গাছের গুড়ি ও প্রাকৃতিক ভেলায় চেপে দুর্ঘটনাবশত তারা আটলান্টিক পাড়ি দেয়। পানামা খালে যেমন আস্ত গাছ নিয়ে বিশাল আকারের উদ্ভিদের ভেলা ভেসে যেতে দেখা যায়, ঠিক তেমনই কোনো ভেলায় চড়ে অন্তত দুই-তিন সপ্তাহের দীর্ঘ পথ পেরিয়ে এই বানরগুলো নতুন মহাদেশে পৌঁছাতে পেরেছিল।
পেরুর যে দুর্গম এলাকা থেকে এই ফসিল উদ্ধার করা হয়েছে, তা তৎকালীন দক্ষিণ আমেরিকার উপকূল থেকে প্রায় ২,৪০০ মাইল গভীরে। এই বিপুল দূরত্ব প্রমাণ করে যে, দুর্ধর্ষ সেই সমুদ্রযাত্রা সম্পন্ন করার পর এই বানররা শুধু দক্ষিণ আমেরিকায় পৌঁছায়ইনি, বরং তারা সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিল। বহু বছর ধরে তারা আধুনিক দক্ষিণ আমেরিকান বানরদের পূর্বপুরুষদের সঙ্গে পাশাপাশি বসবাস করেছে এবং নিজেদের বংশবৃদ্ধি ঘটিয়ে জঙ্গলগুলোতে আধিপত্য বিস্তার করেছিল।
সূত্রঃ স্মিথসোনিয়ান ম্যাগাজিন





