জুলাই অভ্যুত্থানের পেরিয়ে গেছে দুই বছর। ক্যালেন্ডারের পাতা বদলেছে, সরকার বদলেছে, আদালতে মামলা হয়েছে, তদন্তও চলছে। কিন্তু আজও সেই দিনগুলোর ভেতর আটকে আছেন ফরিদা ইয়াছমিন কিংবা মোশারফ হোসেন। একজনের কানে এখনো ভাসে ছেলের শেষ আবদার— ‘মা, আমি আন্দোলনে যাই না।’ আরেকজন নিজেকে সান্ত্বনা দেন— ‘আমার ভাগ্য খুব ভালো, মেয়েটা আমার কোলেই শেষ নিঃশ্বাস নিয়েছে।’
দুই পরিবারের একজন হারিয়েছেন ছেলে মাহমুদুল হাসান রিজভীকে, অন্যজন মেয়ে মেহেরুন নেসা তানহাকে। একজন নিহত হন ১৮ জুলাই উত্তরার রাজপথে, অন্যজন ৫ আগস্ট...