সুদানের আশ্রয় শিবির
যুদ্ধ কেড়ে নিয়েছে স্বামী-সন্তান, থামেনি মায়েদের বেঁচে থাকার লড়াই
- স্বামী হারিয়ে সন্তানদের নিয়ে অনিশ্চিত জীবন
- নেই পর্যাপ্ত খাবার-চিকিৎসা ও আর্থিক সহায়তা

খার্তুমে স্বামীকে হারিয়েছেন আরাফা। পোর্ট সুদানে পালিয়ে যাওয়ার পথে আরএসএফ যোদ্ধাদের মারধর ও ছিনতাইয়ের শিকার হন তিনি। ছবি: আলজাজিরা
সুদানের যুদ্ধে স্বামী ও সন্তান হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু নারী। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বাস্তুচ্যুত মানুষের শিবিরে। সেখানে সীমিত খাবার, চিকিৎসা ও আর্থিক সহায়তার মধ্যে সন্তানদের নিয়ে প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছেন তারা। স্বামী হারিয়ে পরিবারের একমাত্র অভিভাবক হয়ে পড়া এসব নারীকে সামলাতে হচ্ছে যুদ্ধের ক্ষত, দারিদ্র্য, অনিশ্চয়তা ও নানা ধরনের নির্যাতনের ঝুঁকি।
বার্তাসংস্থা আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই কয়েকজন সুদানি মায়ের দুর্বিষহ জীবনের চিত্র।
স্বামী-সন্তান হারিয়ে নিঃস্ব আরাফা
২০২৩ সালের শেষ দিকে সুদানের রাজধানী খার্তুম রাজ্যের ওমদুরমান শহর থেকে ১৫ দিনের বিপজ্জনক যাত্রা শেষে পোর্ট সুদানের একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরে আশ্রয় নেন আরাফা আবদেলআজিজ। যুদ্ধের শুরুতেই স্বামী ও দুই ছেলের একজনকে হারিয়েছিলেন তিনি। বেঁচে থাকা ছয় বছরের ছেলেকে নিয়ে এখন তার বসবাস শিবিরের একটি তাঁবুতে।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরুর কয়েক দিনের মধ্যেই মারা যান আরাফার স্বামী। তখন থেকেই দুই সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ শুরু হয় তার। এর পাঁচ মাস পর ওমদুরমানের একটি বাজারের কাছে সংঘর্ষের সময় ছুটে আসা গুলিতে প্রাণ হারায় তার আট বছরের ছেলে।
৩৩ বছরের আরাফা বলেন, ‘আমার ছেলে বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বাইরে গিয়ে দেখি, গুলিতে তার মাথা ছিন্নভিন্ন হয়ে গেছে।’
ওমদুরমানে সেনাবাহিনী ও আরএসএফের লড়াই চলতে থাকায় শেষ পর্যন্ত ছোট ছেলেকে নিয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নেন আরাফা। তার ছেলের মস্তিষ্কের একটি জটিল সমস্যা রয়েছে, যা তার স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে।
পালানোর পথেও যৌন নির্যাতনের ভয়
পোর্ট সুদানে পৌঁছানোর পথটিও ছিল ভয়াবহ। খার্তুমের দক্ষিণে জাবাল আওলিয়ার কাছে তাদের বহনকারী গাড়িটি থামায় আরএসএফের যোদ্ধারা। এ সময় যাত্রীদের লুটপাট ও নির্যাতন করা হয়।
আরাফা বলেন, ‘তারা সন্তান কোলে থাকা প্রত্যেক নারীকে জিজ্ঞাসা করছিল, কীভাবে তার ছেলেকে হত্যা করতে চায়। আমি তাদের বলেছিলাম, আমার ছেলেকে স্পর্শ করার আগে যেন আমাকে হত্যা করে।’
ছেলেকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে বাধা দেওয়ার চেষ্টা করলে এক যোদ্ধা বন্দুকের বাঁট দিয়ে তাকে আঘাত করেন। এতে এক ঘণ্টার বেশি সময় অচেতন ছিলেন তিনি।
আরাফা বলেন, ‘জ্ঞান ফিরে দেখি, আমাদের সঙ্গে বাসে যাওয়া তরুণীদের ধর্ষণ করছে আরএসএফের যোদ্ধারা। কয়েকজনকে তাদের বাবাদের সামনেই ধর্ষণ করা হয়। আমার মনে হয়েছিল, সব শেষ।’
২০২৬ সালের অক্টোবরে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানিয়েছে, সুদানে ১ কোটি ২৭ লাখ মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু, লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সহায়তার প্রয়োজন রয়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় এ সংখ্যা চার গুণ। সংস্থাটি সতর্ক করে বলেছে, যুদ্ধে যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংঘাতপূর্ণ এলাকা থেকে পালানোর সময়, বাস্তুচ্যুত মানুষের শিবিরে এবং খাবার, পানি ও আশ্রয়ের সন্ধানে বের হয়েও নারী ও শিশুরা নির্যাতনের ঝুঁকিতে পড়ছেন।
আরাফা জানান, পুরো যাত্রায় তার সবচেয়ে বড় ভয় ছিল ছোট ছেলের নিরাপত্তা। যোদ্ধারা তার কাছে মূল্যবান কোনো জিনিস আছে কি না জানতে চাইলে তিনি কিছু নেই বলে জানান। পরে তার আঙুল থেকে দুটি সোনার আংটি খুলে নেয় তারা। তাকে মারধরের পর যাওয়ার অনুমতি দেয়।
তিনি বলেন, ‘স্বামীকে হারিয়ে, সবকিছু ফেলে পোর্ট সুদানে পৌঁছেছি। যাত্রাপথের ভয়াবহ অভিজ্ঞতা এবং নিয়মিত ওষুধ না পাওয়ায় আমার ছেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।’
চিকিৎসা ও খাবারের সংকটে শিবিরের জীবন
পোর্ট সুদানে আগে কখনো যাননি আরাফা। সেখানে আত্মীয়স্বজন বা পরিচিত কেউ না থাকায় প্রথমে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি বিদ্যালয়ে ওঠেন। পরে তাকে অন্য একটি শিবিরে স্থানান্তর করা হয়। এখন ছেলেকে নিয়ে সেখানেই থাকছেন তিনি। তবে আশ্রয় মিললেও দুশ্চিন্তা কমেনি। ছেলের শারীরিক অবস্থার কখনো উন্নতি হচ্ছে, কখনো অবনতি। তার ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন তিনি।
আরাফা বলেন, ‘অসুস্থতার কারণে কখনো কখনো সে অদ্ভুত সব দৃশ্য দেখে। গতকাল সে আমাকে বলেছে, মাটিতে অনেক রক্ত দেখতে পাচ্ছে। তার এই অসুস্থতা নিয়ে প্রতিদিনই আমি তার ভবিষ্যতের কথা ভাবি।’
ছেলের ওষুধ কেনার সামর্থ্য নেই আরাফার। তাই শারীরিক অবস্থার অবনতি হলেই কেবল ওষুধ দেওয়ার চেষ্টা করেন। শিবিরে বিতরণ করা ত্রাণের ওপরই মূলত নির্ভর করতে হয় তাকে। ছেলেকে একা রেখে কোথাও যাওয়ার সাহসও পান না। তার আশঙ্কা, একা থাকলে ছেলের খিঁচুনি হতে পারে কিংবা সে নিজেই নিজের ক্ষতি করতে পারে।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের যুদ্ধে দেড় লাখ পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন হিসাব থেকে জানা যায়। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন দেশের ভেতরে কিংবা দরিদ্র প্রতিবেশী দেশগুলোর শিবিরে।
জাতিসংঘের তথ্য বলছে, সুদানে মানুষের আয় ১৯৯২ সালের পর্যায়ে নেমে গেছে। চরম দারিদ্র্যের হার ১৯৮০-এর দশকের তুলনায়ও বেড়েছে। বাধ্যতামূলক সেনাসদস্য নিয়োগ, প্রাণহানি এবং কাজের সন্ধানে অন্য অঞ্চল ও দেশে চলে যাওয়ার কারণে বহু পরিবারের দায়িত্ব এখন নারীদের একার কাঁধে।
জাতিসংঘের ২০২৫ সালের লিঙ্গসমতা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে নারীপ্রধান পরিবারের ৭৫ শতাংশই খাদ্যসংকটে রয়েছে। পুরুষপ্রধান পরিবারের তুলনায় এ হার তিন গুণ।
স্বামী হারিয়ে পরিবারের দায়িত্ব নারীদের কাঁধে
যুদ্ধের পর স্বামী হারানো অনেক নারী পরিবারের খরচ চালাতে ছোটখাটো কাজ বেছে নিচ্ছেন। কেউ জনসমাগমপূর্ণ স্থানে চা বিক্রি করছেন, কেউ করছেন ছোটখাটো ব্যবসা। তবে আয় কমে যাওয়া এবং সামাজিক নিরাপত্তার অভাবে তাদের সংকট কাটছে না।
সুদানের যুদ্ধ শুরুর পর থেকে ৭২ হাজার ২০২ জন নারী বিধবা হয়েছেন বলে নথিভুক্ত করেছে মাশাদ অবজারভেটরি নামের একটি পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটি বলছে, স্বামী হারানোর ফলে অনেক পরিবারের আয়, স্থিতিশীলতা ও নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ছে। এর প্রভাব শুধু বর্তমান প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দারিদ্র্য, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক ক্ষত এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ছে।
এ সংস্থার এক মুখপাত্র আলজাজিরাকে বলেন, ‘পরিবারের আয়ের প্রধান উৎস হারানো কিংবা পর্যাপ্ত অর্থ ও সামাজিক সহায়তা ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হওয়ার কারণে নারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে তারা অর্থনৈতিক শোষণ, লিঙ্গভিত্তিক সহিংসতা, মেয়েদের জোরপূর্বক বা অল্প বয়সে বিয়ে এবং সন্তানদের শিক্ষাজীবন বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকিতে পড়েন।’
তিনি আরও বলেন, ‘ক্রমাগত মানসিক আঘাত, অতিরিক্ত দায়িত্ব এবং যথাযথ মানসিক সহায়তার অভাবে এসব নারীর মানসিক স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।’
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলোর তথ্য বলছে, ২০২৬ সালে সুদানে ২ কোটি ৪ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য প্রয়োজন ২৯০ কোটি ডলার। কিন্তু প্রয়োজনীয় অর্থের মাত্র ৪৭ শতাংশ পাওয়া গেছে। ফলে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
মাশাদ অবজারভেটরির ওই মুখপাত্র আরও বলেন, ‘এ সংকট মোকাবিলায় সাময়িক জরুরি ত্রাণের বাইরে এসে একটি সমন্বিত জাতীয় কৌশল গ্রহণ করতে হবে। সুদানের পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনায় বিধবা নারী এবং নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে হবে।’
এ কৌশলের আওতায় টেকসই আর্থিক সহায়তা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কারিগরি প্রশিক্ষণ, সম্মানজনক কর্মসংস্থান, ঋণ ও উৎপাদনশীল উদ্যোগে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সুরক্ষা এবং মানসিক সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে তারা।
দুই সন্তান নিয়ে দিশাহারা জাহরা
পোর্ট সুদানে আশ্রয় নেওয়া আরেক নারী জাহরা ইদ্রিসের জীবনেও নেমে এসেছে একই অনিশ্চয়তা। ৩৯ বছরের এই নারী গোলাবর্ষণ বেড়ে যাওয়ায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে খার্তুম ছেড়ে পালিয়ে আসেন। তিন বছর আগে পোর্ট সুদানে পৌঁছানোর পর স্বামী প্রথমে আল-কাসারা এলাকার একটি বাড়ি ভাড়া নেন। কিন্তু পরে ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক তাদের বের করে দেন। এরপর একটি বিদ্যালয়ে আশ্রয় নেন তারা। নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় পরিবারটিকে একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরে পাঠানো হয়।
দুই মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জাহরার স্বামী। এরপর দুই সন্তানের দায়িত্ব একাই সামলাতে হচ্ছে তাকে। মানবিক সহায়তাও ক্রমেই কমে আসছে।
জাহরা বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর আমার ভয় আরও বেড়েছে। ইসলামে নির্ধারিত চার মাস ১০ দিনের শোক পালন শেষ না হওয়া পর্যন্ত আমি কাজের সন্ধানে বাইরে যেতে পারছি না।’
জাহরার ১২ বছরের ছেলের বুদ্ধিবৃত্তিক বিকাশে প্রতিবন্ধকতা রয়েছে। তার নিয়মিত চিকিৎসা প্রয়োজন। কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সেই চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
জাহরা বলেন, ‘আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি শুধু চাই, আমার ছেলের অবস্থার কিছুটা উন্নতি হোক, যাতে সে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয়ে যেতে পারে।’
ছেলের চিকিৎসা ও শিক্ষার খরচ বহনের জন্য সহায়তা পেতে বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে তাকে। এ কাজে প্রায় এক লাখ সুদানি পাউন্ড খরচ হয়েছে। জাহরার ভাষ্য, ওই অর্থ দিয়ে কয়েক দিনের সংসার খরচ চালানো সম্ভব হতো।
যুদ্ধবিধ্বস্ত সুদানে আরাফা ও জাহরার মতো অসংখ্য নারী এখন স্বামী হারিয়ে সন্তানদের নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। আশ্রয়, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের সংকটের পাশাপাশি যুদ্ধের ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তারা। তাদের এই লড়াই শুধু বেঁচে থাকার নয়, সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলারও।
সূত্র: আলজাজিরা






