‘বন্ধু’ পুতিনকে ‘মানবতার স্বার্থে’ যুদ্ধ থামাতে বললেন মোদি

বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠক করেন- রয়টার্স
ইউক্রেন যুদ্ধ থামাতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যেন সরাসরি শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনকে ‘আমার বন্ধু’ সম্বোধন করে মোদি বলেছেন, মানবতার স্বার্থেই যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন এবং যুদ্ধ বন্ধে যেকোনো শান্তি উদ্যোগকে ভারত সমর্থন করে যাবে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে সোমবার দুই নেতার বৈঠকে এ কথা বলেন তিনি।
একই সঙ্গে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের প্রশংসা করে মোদি বলেছেন, উভয় দেশের স্বার্থকে সবার আগে রাখার প্রয়োজনীয়তার ভিত্তিতেই এই সম্পর্ক পরিচালিত হচ্ছে।
ভারত ও চীন রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া কয়েক হাজার সেনা পাঠানোর পর পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো। রাশিয়ার তেল বিক্রি থেকে পাওয়া অর্থ দেশটির সরকারি কোষাগার পুনরায় পূরণে সহায়তা করেছে।
সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বললেন, ‘আপনারা জানেন, এ বিষয়ে ভারত সব শান্তি উদ্যোগকে সমর্থন করে এবং ভবিষ্যতেও আমরা তা করে যাব।’
ক্রেমলিনের প্রকাশ করা বৈঠকের বিবরণ অনুযায়ী, মোদি আরও বলেছেন, ‘যত দিন যুদ্ধ চলবে, প্রতিদিনই কার্যত মানবতা এক ধাপ পিছিয়ে যাবে। অন্যদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ পুরো মানবতার জন্য শান্তির প্রকৃত আশা তৈরি করবে। আমাদের অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসান এবং শত্রুতা বন্ধের দিকে এগোতে হবে। আমাদের ঠিক এই দিকেই এগোতে হবে।’
এর আগে ইউক্রেনে একটি শান্তি চুক্তি চান বলে একাধিকবার জানিয়েছেন মোদি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জবাবে পুতিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পথেই এগিয়ে যাচ্ছি।’
রাশিয়া বারবার বলে আসছে, নিজেদের শর্তেই শুধু যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তুত তারা। ইউক্রেন এই শর্তকে আত্মসমর্পণের অগ্রহণযোগ্য দাবি হিসেবে প্রত্যাখ্যান করেছে। বৈঠকের পর ক্রেমলিন জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে মোদিকে অবহিত করেছেন পুতিন। রাশিয়া ইউক্রেনে নিজেদের কর্মকাণ্ডকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে থাকে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।








