যুদ্ধের আগের অবস্থায় ফিরল জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে থেমেছে যুদ্ধের দামামা। দীর্ঘমেয়াদি শান্তির পথ পেতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে আলোচনা। আর এর প্রভাব পড়েছে বিশ্বের তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরেছে।
ওয়েল প্রাইস ডট কমের তথ্য বলছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১টায় ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৭২.৫২ ডলারে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগের দিন ২৭ ফেব্রুয়ারি ব্রেন্ট্র ক্রুডের দাম ছিল ৭২.৮৭ ডলার। মাঝের পুরো সময়টা এর চেয়ে বেশি ছিল তেলের দাম। গত ৪ মে ১১৪.৪৪ ডলারে পৌঁছেছিল দাম।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটি, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় তেহরান। বন্ধ করে দেয় হরমুজ প্রণালি। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন হওয়া এই প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল স্থাপনায় হওয়া হামলার প্রভাব পড়ে বিশ্বের তেলের বাজারে। হুহু করে বেড়ে যায় দাম।




