ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি : ট্রাম্পের জামাতা

মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। ফাইল ছবি / রয়টার্স
ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের পদক্ষেপের পথ খোলা রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকের কথাও স্বীকার করেছেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমডি মিটস পডকাস্টে ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে আলাপকালে কুশনারকে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে পারে কি না। জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময়ই সব বিকল্প খোলা রাখেন।’
কুশনার বলেন, ইরান পরিস্থিতি নিয়ে ট্রাম্প ‘খুবই মনোযোগী’ এবং সংকট মোকাবিলায় একটি দল গঠন করেছেন। তিনি আরও জানান, ইরানি প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তারা। কুশনারের ভাষায়, ‘আমরা ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি।’
যুদ্ধ শুরুর পর থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে কাজ করে ট্রাম্পকে একটি সমাধানে পৌঁছাতে সহায়তা করছেন বলেও জানিয়েছেন কুশনার।
ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইউরোপের সমর্থন যথেষ্ট কি না—এমন প্রশ্নে কুশনার বলেন, ‘ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু প্রত্যাশা করে।’ এ পরিস্থিতিতে ইউরোপের ভূমিকা তাকে সন্তুষ্ট করতে পারেনি বলেও জানান তিনি।
এদিকে ইরান যুদ্ধ ও ট্রাম্পের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন সিনেটর ক্রিস ভ্যান হলেন। থ্যাংকসগিভিং উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, উৎসবের প্রস্তুতি নিতে গিয়ে অনেক পরিবারকে বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে।
আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের তথ্য উল্লেখ করে ভ্যান হলেন বলেন, গত বছরের তুলনায় এবার থ্যাংকসগিভিংয়ের রাতের খাবারের গড় খরচ ৬ শতাংশ বেড়েছে। টার্কির দাম বেড়েছে ১০ শতাংশ।
দাম বাড়ার জন্য ট্রাম্পের ‘অবৈধ ইরান যুদ্ধ’ ও শুল্কনীতিকে দায়ী করে তিনি বলেন, যুদ্ধের কারণে পণ্যের দাম বাড়ছে, শুল্কযুদ্ধ তা আরও বাড়িয়ে দিচ্ছে।
সূত্র : আলজাজিরা ও ডন




