সুপ্রিম কোর্টে স্বস্তিতে ট্রাম্প
- চলবে হোয়াইট হাউসের বলরুম নির্মাণ

ছবি: আগামীর সময়
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল বিতর্কিত হোয়াইট হাউস বলরুম নির্মাণকাজ আপাতত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টস একটি সাময়িক আদেশ দিয়ে নিম্ন আদালতের নির্মাণ বন্ধের নির্দেশ স্থগিত করেন। ফলে সুপ্রিম কোর্ট মামলাটি আরও পর্যালোচনা করার সময় পর্যন্ত বলরুমের ওপরিভাগের নির্মাণকাজ চালিয়ে যেতে পারবে ট্রাম্প প্রশাসন।
প্রায় ৪০ কোটি ডলারের এই প্রকল্পে হোয়াইট হাউসের পূর্ব উইংয়ের জায়গায় প্রায় ৯০ হাজার বর্গফুটের একটি নতুন বলরুম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি নিয়ে শুরু থেকেই তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্ক চলছে।
সমালোচকদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়া ঐতিহাসিক হোয়াইট হাউস ভবনের এত বড় ধরনের পরিবর্তন করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। এ নিয়ে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণকারী একটি সংগঠন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে।
এর আগে নিম্ন আদালত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিল। আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে। শুক্রবার থেকেই ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।
ট্রাম্প প্রশাসন অবশ্য যুক্তি দিয়েছে, নির্মাণ বন্ধ করলে প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। প্রশাসনের দাবি, নতুন কমপ্লেক্সে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং প্রকল্পটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও যুক্ত।
তবে শুক্রবারের আদেশকে চূড়ান্ত রায় হিসেবে দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট এখনো সিদ্ধান্ত দেয়নি যে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প প্রশাসন এই প্রকল্প বাস্তবায়নের আইনগত ক্ষমতা রাখে কি না।
অর্থাৎ, আপাতত কাজ চলছে—কিন্তু হোয়াইট হাউসের নতুন বলরুমের ভবিষ্যৎ এখনো আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।






