চার ঘণ্টা পর স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় হাজারো যাত্রী বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন। বাতিল ও বিলম্বিত হয় হাজার হাজার ফ্লাইট।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
পরে রাত ৮টা ১৫ মিনিটে ওই স্থগিতাদেশ তুলে নেয় সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। ফ্লাইট বিলম্ব হওয়ায় অনেক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন।
পুরানো হার্ডওয়্যারের কারণে এমন বিপর্যয় হয়েছে বলে জানান পরিবহনমন্ত্রী শন ডাফি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি দেখা দিল। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর প্রথমবার দেশজুড়ে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
ফ্লাইট ট্র্যাকিং সেবা সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়। এয়ারলাইনগুলো এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।
আকাশে থাকা হাজার হাজার বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো বিমান উড্ডয়ন করতে পারেনি।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ) জানিয়েছে, এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত এমন কোনো আলামত আমরা পাইনি, যার ভিত্তি বলা যায় যে আমাদের লক্ষ্য করে কোনো বিদ্বেষপূর্ণ হামলা ঘটেছে। আপাতত এটি কেবল একটি টেলিযোগাযোগ বিভ্রাট। প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।
সূত্র : সিএনএন




