টাইমস স্কয়ারে বাড়ছে সহিংসতার ঘটনা, ১ বছরে নিহত ৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত টাইমস স্কয়ার। ছবি: সংগৃহীত
কালিমা লেপে গেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে। কোটি কোটি পর্যটকের প্রাণকেন্দ্রটিতে প্রায়ই ঘটছে কোন না কোন অঘটন। গত ১ বছরে বিভিন ঘটনায় সেখানে প্রাণ হারিয়েছেন ৭ জন সাধারণ মানুষ। অথচ এই জায়গাটি ছিল নিউইয়র্কের সবচেয়ে নিরাপদ স্থান। দিন কিংবা রাত পর্যটকদের জন্য ছিল ঠিক যেন এক অভয়ারণ্য।
সোমবার বিকেলে টাইমস স্কোয়ারে ছুরির আঘাতের ঘটনায় ব্যাংক অব আমেরিকার এক ভাইস প্রেসিডেন্টসহ দুজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলায় ৬৮ বছর বয়সী আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে ব্যাংক অব আমেরিকা তাদের ওই কর্মকর্তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন মূল্যবান সহকর্মী, যার অভাব আমরা গভীরভাবে অনুভব করব। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’
নিহত ব্যাংক কর্মকর্তার নাম ইরিন কোডার। তিনি ব্যাংক অব আমেরিকার ‘বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ বিষয়ক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং প্রায় ১৮ মাস আগে ব্যাংকটিতে যোগ দিয়েছিলেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে। টাইমস স্কোয়ারের খুব কাছেই ওয়ান ব্রায়ান্ট পার্কে ব্যাংক অব আমেরিকার ম্যানহাটন কার্যালয় অবস্থিত।
নিউইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, সোমবার বিকেল ৪টা ২৪ মিনিটের দিকে ওয়েস্ট ৪২ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছাকাছি এলাকায় ঘটে এ ছুরির আঘাতের ঘটনা। নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশের দাবি, হামলাটি আকস্মিকভাবে এবং কোনো উসকানি ছাড়াই সংঘটিত হয়েছে।
পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পামেলা সিসনেরোস (৪৯) নামের এক নারীকে দুটি বড় ছুরি হাতে তাদের দিকে এগিয়ে আসতে দেখেন। পরে কর্মকর্তারা তাকে গুলি করেন এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। কমিশনার জেসিকা টিশ জানান, সিসনেরোসের মানসিক স্বাস্থ্য সমস্যার অতীত ইতিহাস ছিল।
ঘটনার পর মিডটাউন ম্যানহাটনের ওই এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়। আকাশচুম্বী ভবনগুলোর মাঝেও জরুরি সেবার গাড়ির আনাগোনা বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র টাইমস স্কোয়ারে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতার কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনের লবিতে অ্যাসল্ট রাইফেল নিয়ে এক বন্দুকধারীর হামলায় ব্ল্যাকস্টোনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।
২০২২ সালে ব্রুকলিন থেকে লোয়ার ম্যানহাটনে ট্রেনে ভ্রমণের সময় গোল্ডম্যান স্যাকসের এক কর্মী গুলিতে নিহত হন। এছাড়া ২০২৪ সালে ম্যানহাটনের একটি হোটেলের বাইরে ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়।
টাইমস স্কোয়ারে সর্বশেষ হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।







