যুক্তরাষ্ট্রে ১০ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট নিয়োগদাতাদের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এই তদন্ত পরিচালনা করছে। সংস্থাটি বলছে, ‘ওপিটি কর্মসূচির মাধ্যমে মিলেছে ব্যাপক জালিয়াতি ও অপব্যবহারের প্রমাণ।’ যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসায় পড়ুয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বিশেষ সুবিধা হলো ওপিটি কর্মসূচি। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেজর বা পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজে ১২ থেকে ৩৬ মাস পর্যন্ত বৈধভাবে কাজ করার সুযোগ পান। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে পড়া শিক্ষার্থীদের জন্য চাকরি এবং এইচ-১বি ভিসার পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। ১২ মে আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লিওনস এই কর্মসূচিকে ‘জালিয়াতির কেন্দ্রবিন্দু’ বলে মন্তব্য করেছেন। তদন্তে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি কোনো কার্যক্রমের অস্তিত্ব। কোথাও খালি ভবন, কোথাও তালাবদ্ধ অফিস দেখা গেছে।






