রুশ ডিজেলের প্রথম চালান আটকে আছে মার্কিন উপকূলে

যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূল— রয়টার্স
যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার প্রথম ডিজেল চালান নিয়ে যাওয়া একটি ট্যাংকার দেশটির পূর্ব উপকূলের কাছে এসে থেমে গেছে। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য থেকে মঙ্গলবার জানা গেছে এ তথ্য। তবে জাহাজটির গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান।
চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে গত মাসে রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মস্কোর সঙ্গে একটি আকস্মিক চুক্তির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এলএসইজির জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ট্যাংকার ‘আগিওই ফানেনদেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগরীয় বন্দর প্রিমোরস্ক থেকে ৪০ হাজার মেট্রিক টন অতি নিম্ন সালফারযুক্ত ডিজেল বোঝাই করে। ৭ নভেম্বর জ্বালানি পৌঁছানোর কথা ছিল।
তবে জাহাজটি পরিচালনাকারী গ্রিসভিত্তিক প্রতিষ্ঠান ইস্টমেড এক সপ্তাহ পর জানায়, ট্যাংকারটি পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে। জ্বালানি খালাসের জন্য কোনো বন্দরও তখন পর্যন্ত নির্ধারণ বা চূড়ান্ত করা হয়নি।
রয়টার্সকে মঙ্গলবার ইস্টমেড জানায়, ‘জাহাজটির গন্তব্য নিয়ে কোনো পরিবর্তন হয়নি। এটি এখনো নির্দেশের অপেক্ষায় রয়েছে।’
সম্ভাব্য কোনো চুক্তি ভেস্তে গেলে, পরিকল্পনা পরিবর্তিত হলে অথবা পরিচালনাকারী প্রতিষ্ঠান গন্তব্য প্রকাশ করতে না চাইলে সমুদ্রযাত্রার মাঝপথে জাহাজের ঘোষিত গন্তব্য একাধিকবার পরিবর্তন হতে পারে। এমনকি জাহাজটি ‘নির্দেশের অপেক্ষায়’ অবস্থানেও ফিরে যেতে পারে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
গত মাসে ওই চুক্তির অনুমোদন দিয়ে ট্রাম্প মস্কোর ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞা আইনের কিছু বিধান শিথিল করেন।
তিনি বলেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ৩ লাখ টন বা ২২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং ‘এরপরপরই’ ১০ লাখ টন রপ্তানি করা হবে।
এ মাসে নিউ জার্সির ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিল স্থানীয় বন্দরের কর্মকর্তাদের এবং টার্মিনাল পরিচালনাকারীদের রুশ ডিজেল গ্রহণ না করার বিষয়ে সতর্ক করেন।
তিনি বলেন, এ ধরনের চালান গ্রহণ করলে তা কেন্দ্রীয় আইন লঙ্ঘন হবে। শেরিল বলেন, রুশ ডিজেল আমদানি করলে নিউ জার্সির বন্দর ব্যবহারকারী ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিরা ‘কঠোর’ দেওয়ানি ও ফৌজদারি দণ্ডের মুখে পড়তে পারেন।




