ওয়াশিংটনের কাছে ‘খাবার উৎসবে’ গুলি, নিহত ২

গুলির ঘটনার পর পুলিশ বাহিনীর দুই সদস্যকে পরিদর্শন করতে দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পার্শ্ববর্তী সিয়াটলে একটি খাবার উৎসবে গোলাগুলির ঘটনায় অন্তত দুজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার সিয়াটল সেন্টারে গুলি চালানো হয়েছে। সেখানে ‘বাইট অব সিয়াটল’ নামে খাবারের একটি উৎসব চলছিল। এই এলাকাতেই রয়েছে বিখ্যাত স্পেস নিডল।
স্থানীয় সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, উৎসবে হাজারো মানুষ অংশ নিয়েছিলেন।
আহতদের মধ্যে প্রায় দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে সিয়াটল ফায়ার বিভাগ।
কর্তৃপক্ষ সবাইকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বা হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার বিভাগ জানিয়েছে, সন্ধ্যা ৬টার কিছু পর সিয়াটল সেন্টারের কাছে গুলির খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দুজনের জীবন বাঁচানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়। আরও পাঁচজন আহতকে চিকিৎসা দেওয়া হয়। তাদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর ছিল।
ফায়ার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, আহত চারজনকে হারবারভিউ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। দুই বছর বয়সী শিশুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। আহত অন্যদের বয়স আনুমানিক ২৩ থেকে ৫৬ বছর।
হারবারভিউ মেডিকেল সেন্টারের এক মুখপাত্র জানিয়েছেন, চারজনের সবাই গুলিবিদ্ধ হয়েছেন। আহত এক প্রাপ্তবয়স্ক নারী অস্ত্রোপচারের মধ্যে রয়েছেন এবং তার অবস্থা সংকটজনক। অন্য তিনজনের অবস্থা সন্তোষজনক।
৫২ বছর বয়সী জাস্টিস বেইটজেল জানিয়েছেন, তিনি বন্ধুদের সঙ্গে ‘বাইট অব সিয়াটল’ উৎসবে ছিলেন। এ সময় গুলির শব্দ শুনতে পান তিনি।
তার ভাষ্য, হঠাৎ গান বন্ধ হয়ে যায় এবং মানুষ তার দিকে দৌড়ে আসতে থাকেন। কেউ গাছের আড়ালে ঝুঁকে পড়েন, কেউ লুকিয়ে পড়েন। তিনি এক বন্ধুকে নিয়ে একটি কাঠের বেড়ার আড়ালে লুকিয়ে থাকেন। ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ঘটনার অবসান না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিলেন।
তিনি আরও বলেছেন, ‘যারা তখনো কাঁপছিল, আমরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি।’
সূত্র- নিউ ইয়র্ক টাইমস




