ইরানি হুমকির পর বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নেন মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি / রয়টার্স
ইরানের প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন ডিসিতে নিজের বাসা থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্র আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ বেসেন্টের ভূমিকার কারণে তিনি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত আগস্টে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এ কর্মসূচি শুরু করে মার্কিন অর্থ দপ্তর।
এদিকে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা ও হামলার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনাও রয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনাসদস্যরা অবস্থান করতেন।
এর আগে অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনার সঙ্গে ইরানের সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। ওই ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিলেন, বার্নহ্যাম ভুল পথে এগোচ্ছেন।
এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক আলোচনা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ কার্যকর হলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান প্রয়োজন নাও হতে পারে।
সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি দেশ বর্তমান নৌ অবরোধ অব্যাহত রাখার পক্ষে। সংঘাতের অবসানের পথেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তবে ইরানের কর্মকর্তারা আলোচনার খবর অস্বীকার করেছেন। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেছেন, আলোচনার দাবি অর্থনৈতিক চাপ কমানো ও তেলের দাম নামানোর উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।
বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়ে যথাক্রমে ব্যারেলপ্রতি প্রায় ৯২ ও ৮৬ ডলারে পৌঁছেছে।
সূত্র : সিএনবিসি




