ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

ব্যাংককের একটি বারে লেগেছে ভয়াবহ আগুন। ছবি: বিবিসি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে লেগেছে ভয়াবহ আগুন। এতে নিহত হয়েছেন ২৭ জন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬০ জনেরও বেশি মানুষকে।
সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পথ দিয়ে যাওয়ার সময় বারটিতে আগুন জ্বলতে দেখে জরুরি সেবায় খবর দেন এক চালক। মধ্যরাতের পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘটে ব্যাপক প্রাণহানি। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ২৭টি মরদেহ। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দ্রুত পুরো বারজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। এর ভেতর দিয়েই প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে আসছেন অনেকে। কেউ চিৎকার করছেন, কেউ মাটিতে পড়ে যাচ্ছেন। অন্তত দুজনকে শরীরে আগুন নিয়েই বেরিয়ে আসতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী। এছাড়া কয়েকজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।
বারটির নাম স্থানীয়ভাবে রং বিয়ার না লাত ফ্রাও। এটি ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত এবং স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত।




