ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প

সংগৃহীত ছবি
ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমির সঙ্গে রবিবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক নৌপথের আশপাশে ইরান-সমর্থিত হুতিদের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব-সমর্থিত তার সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন আল-আলিমি। চলতি মাসে হুতিরা দ্রুতগতির এক অভিযানে বাব আল-মান্দাব প্রণালির পাশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে নেয়।
একজন ইয়েমেনি ও একজন পশ্চিমা সূত্র জানিয়েছেন, ফোনালাপে ট্রাম্প সরাসরি কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি।
হোয়াইট হাউস ও ইয়েমেনের তথ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
রয়টার্স এর আগে জানিয়েছিল, হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তার জন্য সৌদি আরবের অনুরোধও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
এদিকে, ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা না চালাতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ‘হুতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে সম্মত হয়েছে।’
এর আগেও ট্রাম্প দাবি করেছেন, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলা থেকে হুতিরা বিরত রয়েছে।
১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুতিরা আমাদের ফোন করেছিল এবং তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই।’
এর আগে, হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।




