পাকিস্তানে পুলিশের গুলিতে ৯ বছরের অস্ট্রেলিয়ান শিশু নিহত

সংগৃহীত ছবি
পাকিস্তানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ৯ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান শিশু নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির পরিবারের আরও দুই সদস্য।
ডনসহ পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পাঞ্জাব প্রদেশের চকওয়াল এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
অস্ট্রেলিয়ার পার্থের কিউডেলের এই পরিবারটি সম্প্রতি মক্কায় পবিত্র হজ পালন শেষে পাকিস্তানে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সময় গত বুধবার রাতে একটি ভাড়া গাড়িতে করে পরিবারটি যখন যাচ্ছিলেন, তখন ডাকাত দলের কবলে পড়েন। একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই ডাকাত তাদের আক্রমন করে। তাদের একজনের কাছে ছিল পিস্তল।
ঘটনাস্থলে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে মোটরসাইকেল আরোহী দুই ডাকাত দ্রুত পালিয়ে যায়। একই সময়ে আতঙ্কিত হয়ে ভাড়া গাড়িটি নিয়ে অস্ট্রেলিয়ার ওই পরিবারও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে।
পুলিশ কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ভাড়া গাড়িটিকে দ্রুত চলে যেতে দেখে সেটিকে ডাকাতদের গাড়ি বলে ভুল করে। এরপরই তারা গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
গুলির ঘটনার পরপরই পুরো পরিবারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ৯ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান কন্যাসন্তানকে মৃত ঘোষণা করেন।
হামলায় শিশুটির বাবা এবং বড় ভাই গুরুতর আহত হয়েছেন। তবে তার মা সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তারা নিহত ও আহত হওয়া অস্ট্রেলীয় নাগরিকদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের কনস্যুলার সহায়তা দিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা নিহতের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’
সূত্র : দ্য গার্ডিয়ান



