এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি
- এন্দ্রিকের বিশ্বকাপ অভিষেকের কয়েক ঘণ্টা আগে তার স্ত্রী লিখেছেন এক অবেগঘন চিঠি। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডা লিখেছেন, ‘তোমার স্বপ্ন, আমার স্বপ্ন ও আমাদের সন্তানের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি।’

সংগৃহীত ছবি
এন্দ্রিকের বিশ্বকাপ অভিষেকের কয়েক ঘণ্টা আগে তার স্ত্রী লিখেছেন এক অবেগঘন চিঠি। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডা লিখেছেন, ‘তোমার স্বপ্ন, আমার স্বপ্ন ও আমাদের সন্তানের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি।’
এন্দ্রিককে উদ্দেশ্য করে তার স্ত্রী একটি ভিডিওর সঙ্গে এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। চিঠিটি আসলে এই ব্রাজিলিয়ানের ফুটবল ক্যারিয়ারের দুঃসময় পার হওয়ার একটা গল্প। এখানে আছে এন্দ্রিকের সংগ্রাম, স্ত্রীর পাশে থাকা এবং অনাগত সন্তানের স্বপ্নের কথা।
সন্তানসম্ভবা স্ত্রী লিখেছেন, ‘সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ জেতার পর আমরা রিয়াল মাদ্রিদ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, পরে ঈশ্বর আমাদের লিঁও’র পথ দেখিয়েছেন। আর এটাই ছিল আমাদের নেওয়া সেরা সিদ্ধান্ত।’ রিয়াল মাদ্রিদে বেশিরভাগ সময় বেঞ্চে কাটিয়ে তিনি ভুগেছিলেন বিষন্নতায়। এরপর ধারে লিঁও-তে গিয়ে গোলে ও অ্যাসিস্টে নিজের প্রতিভা মেলে ধরেন এই তরুণ ফরোয়ার্ড।
এরপর তিনি লেখেন বিশ্বকাপে স্বপ্ন পূরণের কথা, ‘তোমাকে আবার ব্রাজিলের জার্সিতে এবং বিশ্বকাপে দেখার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমরা। ঈশ্বরের মহিমায় তুমি তোমার স্বপ্ন, আমার স্বপ্ন এবং আমাদের সন্তানের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ।’ আজ মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই হয়তো এন্দ্রিকের অভিষেক হতে পারে। শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে বদলি হয়ে নেমে একটি গোলও করেছিলেন এন্দ্রিক।
এন্দ্রিকের উদ্দেশ্যে লেখা গ্যাব্রিয়েলির লম্বা চিঠিতে আছে বিশ্বকাপ উপভোগের বার্তাও, ‘প্রতিটি মুহূর্ত তুমি উপভোগ করো। কোটি কোটি ব্রাজিলিয়ান তোমাকে ও ব্রাজিলকে সমর্থন জানাবে। এর মধ্যে দুটো হৃদয়ও থাকবে, যাদের স্পন্দন আরো জোরালো হবে তোমার সাফল্য ও চ্যালেঞ্জের প্রতিটি মুহূর্তে।’ তার স্ত্রী ও অনাগত সন্তানটিও যেন মুখিয়ে আছে এন্দ্রিকের বিশ্বকাপ সাফল্য দেখতে।


