খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, দুই মুসল্লি আহত

ছবি: আগামীর সময়
খুলনায় ফজরের নামাজের পর একটি মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর বিএল কলেজ রোডের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। লোকমান উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। আলম একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফজরের নামাজ আদায়ের পর কোরআন পড়ছিলেন মুসল্লিরা। এ সময় মসজিদে ঢুকে লোকমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় পাশে থাকা মুসল্লি আলমও গুলিবিদ্ধ হন। লোকমানের মাথায় গুলি লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আলমের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের এসি মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘হামলার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’



