নিউজিল্যান্ডে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে পড়েছে ক্ষমতাসীন জোট

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবন— রয়টার্স
ধীরগতির অর্থনীতি ও ভোটারদের হতাশার মধ্যেই চলতি মাসে নির্বাচন হয়েছে নিউজিল্যান্ডে। আর এই নির্বাচনে ক্ষমতাসীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থেকে এক আসন পিছিয়ে পড়েছে।
ক্ষমতায় থাকতে এখন তাদের মধ্যপন্থী অপারচুনিটি পার্টির সমর্থন প্রয়োজন। সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটিতে আবার নির্বাচন হতে পারে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি ১৩০ আসনের মধ্যে ৪০টি পেয়েছে। তাদের জোটসঙ্গী অ্যাক্ট পার্টি পেয়েছে ১৩টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পেয়েছে ১২টি আসন।
শুক্রবার প্রকাশিত চূড়ান্ত ফল অনুযায়ী, মধ্য-বামপন্থী লেবার পার্টির নেতৃত্বে সরকার গঠন সম্ভব নয়। অপারচুনিটি পার্টি তাদের সমর্থন দিলেও ওই জোটের আসনসংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ট হবে না।
লাকসন শুক্রবার স্বীকার করেন, আলোচনা ‘চ্যালেঞ্জিং হতে পারে’ এবং এতে সময় লাগবে।
সাংবাদিকদের তিনি বললেন, ‘সমঝোতায় তাড়াহুড়ো করে পরে তা ভেঙে পড়ুক—এটা নিউজিল্যান্ডের মানুষ চাইবে না। আবার তাদের ভোটে ফিরিয়ে নেওয়াও তারা চাইবে না।’
লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স বলেন, তার দল ‘অসাধারণ একটি নির্বাচনী প্রচার চালিয়েছে’। তবে জনপ্রিয় ভোটে এগিয়ে থেকেও আলোচনার ক্ষেত্রে তাদের কোনো প্রভাব নেই বলে স্বীকার করেন তিনি। হিপকিন্স বললেন, ‘এই নির্বাচনে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে যতজন ভোট দিয়েছেন, তার চেয়ে বেশি নিউজিল্যান্ডবাসী পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।’
নিউজিল্যান্ডের মিশ্র-সদস্য আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায় অধিকাংশ সরকারই জোটের মাধ্যমে গঠিত হয়। প্রত্যেক ভোটার দুটি ভোট দেন—একটি পছন্দের রাজনৈতিক দলের জন্য, অন্যটি স্থানীয় প্রতিনিধি নির্বাচনের জন্য।
লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন, গ্রিনস পেয়েছে ১৭টি। মাওরি জনগোষ্ঠীর স্বার্থের প্রতিনিধিত্বকারী তে পাতি মাওরি পেয়েছে পাঁচটি আসন।
তিনি বললেন, ‘পার্লামেন্টে সাতটি দল রয়েছে। নিউজিল্যান্ডের জন্য স্থিতিশীল সরকার গঠনে যা যা করা সম্ভব, তা নিশ্চিত করার দায়িত্ব সবার। দায়িত্ব শুধু আমাদের নয়।’
নির্বাচনের দিন ৭ নভেম্বর প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছিল, ন্যাশনাল পার্টি ও তার জোটসঙ্গীরা বামপন্থী জোটের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
কিন্তু আজকের চূড়ান্ত হিসাবে দেখা গেছে, বিশেষ ভোটে তারা দুটি আসন হারিয়েছে। নির্বাচনের দিন বিদেশে থাকা বা নিবন্ধিত নির্বাচনী এলাকার বাইরে থাকা নাগরিকেরা এসব ভোট দিয়েছিলেন। সাধারণত এসব ভোটে বামপন্থী দলগুলো এগিয়ে থাকে।
ন্যাশনাল পার্টির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল কর কমানো, জ্বালানির দাম কমানো, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো এবং প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়া।
অন্যদিকে লেবার পার্টি স্বাস্থ্যসেবা, গণপরিবহন ও জ্বালানির খরচ কমানো এবং সামাজিক আবাসন খাতে সরকারের সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
এর আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অনেক ভোটার জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, দেশজুড়ে উচ্চ বেকারত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের ওপর আস্থা কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন।
২১ বছর বয়সী ইমোজেন ভ্লুটগার বললেন, ‘মানুষের মধ্যে একধরনের উদাসীনতা এবং কিছুটা আতঙ্ক কাজ করছে।’
৪০ বছর বয়সী এক ব্যক্তি বলেন, তিনি ভোট দেননি, কারণ ব্যালট পেপারে কোনো ঘরেই টিক দিতে পারেননি।
জননীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হেলেন ক্লার্ক ফাউন্ডেশনের এক জরিপ অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখন আর নিউজিল্যান্ডকে সুযোগের দেশ বলে মনে করেন না।
রেকর্ডসংখ্যক নিউজিল্যান্ডবাসী দেশ ছেড়ে যাচ্ছেন। তাদের অনেকেই, এমনকি সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও, অস্ট্রেলিয়ায় চলে গেছেন।
সূত্র: বিবিসি





