ডোনাল্ড ট্রাম্প
ইরানে যা নিয়ন্ত্রণ করতে চেয়েছি, সবই এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
- মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তার সবই এখন দেশটির নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধের সাত মাস পর এখন সিদ্ধান্ত নিতে হবে, যুক্তরাষ্ট্র আরও এগোবে কি না।
তেহরান থেকে পাঠানো ইরানের পরমাণু কর্মসূচিসংক্রান্ত একটি প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে ইরান কিছুই করতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর ইরানের ঘুরে দাঁড়াতে ২৫ বছর সময় লাগতে পারে বলেও মনে করেন ট্রাম্প। তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটিকে ধ্বংস করতে চাই না। কিন্তু হয়তো আমাকে তা করতে হবে।’ এরপর কী ঘটতে যাচ্ছে, তা শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। বুধবার দক্ষিণ চীন সাগরে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দক্ষিণে রণতরিটির অবস্থান শনাক্ত করেছে আলজাজিরা। কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, রণতরিটির সঙ্গে রয়েছে আরও চারটি যুদ্ধজাহাজ। তাদের চলাচলের ধরন থেকে ধারণা করা হচ্ছে, বহরটি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।
গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি ছেড়ে যায় রণতরিটি। পরে সামরিক মহড়ায় অংশ নিতে জাপানের ইয়োকোসুকায় যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে অবস্থান করে। এরপর সেটি দক্ষিণ চীন সাগরের দিকে যায়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, শুক্রবার থেকে কয়েক দিন সিঙ্গাপুরে অবস্থান করবে রণতরিটি। নভেম্বরের মাঝামাঝির আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় পৌঁছাবে না এটি।




