যুদ্ধের মধ্যেই ইরানিদের ফেরত পাঠাতে তেহরানের সঙ্গে গোপন আলোচনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে দেশটির নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে ইরান সরকারের সঙ্গে গোপনে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার প্রকাশ করা আদালতের নথিতে উঠে এসেছে এ তথ্য।
নথি বলছে, গত অক্টোবরের মাঝামাঝি সময়েও তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানি নাগরিকদের ফেরত পাঠানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র সরকারের।
১৫ অক্টোবরের একটি শুনানির প্রতিলিপিতে বিচারক আনা রেয়েসকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে যা বলছেন, তাতে যুক্তরাষ্ট্র এমন ব্যক্তিদের ওই অঞ্চলে ফেরত পাঠাতে যাচ্ছে, যেখানে তাদের গুরুতর হুমকি, এমনকি নিশ্চিত মৃত্যুর ঝুঁকি রয়েছে।’
ইরানি আশ্রয়প্রার্থীদের ব্যক্তিগত ও গোপন তথ্য দেশটির সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ভাগ করে নিয়েছে, এমন অভিযোগে দায়ের করা একটি চলমান মামলার সূত্রে সামনে এসেছে এসব তথ্য।
মামলার অভিযোগ বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান সরকার সমন্বিতভাবে কাজ করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) হেফাজতে থাকা ইরানি নাগরিকদের শনাক্ত করার চেষ্টা করেছে। একই সঙ্গে তাদের ইরানে ফিরে যেতে চাপ দেওয়া হয়েছে।




