মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা
দ্বিতীয় দিনেও দরপতন ইলনের দুই প্রতিষ্ঠানের

ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর টানা দ্বিতীয় দিনের মতো বড় দরপতনের মুখে পড়েছে ইলন মাস্কের দুটি প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ কমেছে। এতে মাস্কের রাজনৈতিক প্রভাব এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
৫ নভেম্বর সকাল ১০টা ২৯ মিনিটে গ্রিনিচ মান সময় অনুযায়ী, টেসলার শেয়ারের দাম ৯ দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়ায় ৩৪৭ দশমিক ৭৯ ডলারে। একই সময়ে স্পেসএক্সের শেয়ারের দাম কমে ৯ দশমিক ২৬ শতাংশ, দাঁড়ায় ১২৩ দশমিক ৩৩ ডলারে।
এর আগের দিন বুধবারও বড় দরপতন হয়েছিল প্রতিষ্ঠান দুটির শেয়ারে। সেদিন টেসলার শেয়ারের দাম কমেছিল ৫ দশমিক ৬ শতাংশ। আর স্পেসএক্সের শেয়ারের দাম কমেছিল প্রায় ৫ শতাংশ। অথচ ওই দিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। এর পরই মাস্কের রাজনৈতিক প্রভাব এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর সম্ভাব্য নিয়ন্ত্রক চাপ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
নির্বাচনের আগে রিপাবলিকানদের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রায় ৪৫ কোটি ডলার ব্যয় করেছিলেন মাস্ক। এর বড় একটি অংশ ব্যয় করা হয়েছিল টেক্সাসে। অঙ্গরাজ্যটি মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে রয়েছে টেসলার অস্টিনের বৃহৎ কারখানা এবং স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র।
টেক্সাসের গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনী এলাকায় ডেমোক্র্যাটদের জয় মাস্কের প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রকল্প নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে নতুন তথ্যকেন্দ্র নির্মাণে বাধা এবং এসব প্রকল্পের ওপর বাড়তি নজরদারির আশঙ্কা তৈরি হয়েছে।
এ ছাড়া টেসলা ও স্পেসএক্সকে একীভূত করার সম্ভাব্য পরিকল্পনা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনায় সীমাবদ্ধ। তবে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় এ ধরনের একীভূতকরণে বাড়তি যাচাই-বাছাই হতে পারে। এতে পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল প্রতিষ্ঠান দুটির শেয়ারের ঝুঁকি আরও বাড়িয়েছে।
তবে এমন পরিস্থিতির মধ্যেও স্পেসএক্সের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আশাবাদী পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি। প্রতিষ্ঠানটির বিশ্লেষক অ্যাডাম জোনাস ২০২৭ সালে স্পেসএক্সের সম্ভাব্য আয় ১৭ হাজার ৫০০ কোটি ডলার এবং ২০২৮ সালে ২৮ হাজার ৯০০ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। তার মতে, প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির সম্ভাবনা এখনো শেয়ারের বর্তমান মূল্যায়নে পুরোপুরি প্রতিফলিত হয়নি।
অন্যদিকে, টেসলার ক্ষেত্রে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির বিপুল ব্যয় এবং স্বয়ংক্রিয় গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক ঝুঁকিও বিবেচনায় নিচ্ছেন। সর্বশেষ দরপতন ইঙ্গিত দিচ্ছে, মাস্কের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য নির্ধারণে রাজনৈতিক অনিশ্চয়তাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।




