ইরানকে পাল্টা জবাবের কঠোর হুঁশিয়ারি দিল কুয়েত

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রভাব পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে।
এরই মধ্যে কুয়েতসহ কয়েকটি উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে কুয়েতের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সাম্প্রতিক হামলার ঘটনায় তেহরানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে কুয়েত সরকার।
এই পরিস্থিতিতে গত সোমবার (২৩ নভেম্বর) কুয়েত সিটিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইরানের পক্ষ থেকে চালানো ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। বৈঠক শেষে মন্ত্রিসভার সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী শারিদা আল-মাওশেরজি।
মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, গত ১৮ নভেম্বর বুধবার কুয়েতে চালানো ড্রোন হামলাসহ ইরানের ধারাবাহিক হামলা দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
একই সঙ্গে এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করছে এবং উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে জানায় মন্ত্রিসভা।
বিবৃতিতে কুয়েতের ভূখণ্ড, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জাতীয় স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার পুনর্ব্যক্ত করা হয়।
জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার সহজাত অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রিসভা জানায়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা হুমকি মোকাবিলায় কুয়েত তার বৈধ অধিকার সংরক্ষণ করে রেখেছে।
ওই সময় ইরানের সামরিক বাহিনী আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জাম ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করে। এর পরপরই কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার নিন্দা জানিয়ে দেশের আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথা পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখের টেলিফোনে কথা হয়।
এ সময় তিনি কুয়েতের ওপর হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। মন্ত্রিসভা জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কুয়েত এখনো আলোচনা, কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে কুয়েত মন্ত্রিসভার ২৩ নভেম্বরের এই অবস্থান দেশটির জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেছে। তবে আত্মরক্ষার অধিকার সংরক্ষণের ঘোষণার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়টিও স্পষ্ট করেছে কুয়েত সরকার।




