নৌ অবরোধের পর এবার ইরানের স্থলপথ আটকে দিতে মার্কিন টাস্কফোর্স

৫ মার্চ প্রকাশিত সেন্টকমের ভিডিওতে ইরানের ইভেকো ট্রাকে হামলার দৃশ্য। গোপন সংস্থার মাধ্যমে এ ধরনের শত শত ট্রাক আমদানি করেছে ইরানের সামরিক বাহিনী। ফাইল ছবি / রয়টার্স
ইরানের স্থলপথে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে নতুন টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর মাধ্যমে ইরানের বন্দরগুলোতে কয়েক মাস ধরে চলা নৌ অবরোধ আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা সেন্টকম শনিবার নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য, ‘উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরিবহনে ইরানের স্থলপথ ব্যবহার ঠেকানো’।
‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে এই বাহিনী ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে চলমান অবরোধকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় এর সদর দপ্তর হবে। সেন্টকম জানিয়েছে, মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সরঞ্জাম এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধে কাজ করবে এই টাস্কফোর্স।
মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আলজাজিরাকে বলেছেন, কোথা দিয়ে অস্ত্র আসছে, কীভাবে সেই সরবরাহ বন্ধ করা যায় এবং ইরান কীভাবে জ্বালানি পরিবহন করছে—তা শনাক্ত করাই হবে এই বাহিনীর কাজ।
এদিকে, ইরানের বন্দরগুলোতে অবরোধের অংশ হিসেবে শনিবার ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার কথা জানিয়েছে সেন্টকম। তাদের দাবি, সেন্ট কিটসের পতাকাবাহী ‘এমভি হুদা’ জাহাজের পেছনের অংশে মার্কিন সামরিক বিমান থেকে নির্ভুল লক্ষ্যভিত্তিক অস্ত্র ছোড়া হয়। এর আগে জাহাজটির নাবিকদের লক্ষ্যবস্তু করা অংশ ছেড়ে যেতে বলা হয়েছিল।
সেন্টকম জানিয়েছে, জুলাই থেকে অবরোধ কার্যকর করতে গিয়ে ১৪৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। নির্দেশ অমান্য করায় পাঁচটি জাহাজ অচল করা হয়েছে।
বিস্ফোরণ ও মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্যাংকার
শনিবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরেও কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে সংস্থাটি।
এর আগের দিন কেশম দ্বীপে নতুন করে হামলার কথা স্বীকার করেছেন ট্রাম্প। তবে হামলাকে ‘ছোট’ বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন, কাতারের মধ্যস্থতায় আলোচনা চলার মধ্যে তেহরান এখনো চুক্তি করতে চায়।
অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জাহাজ দুটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির একটি ‘অনিরাপদ’ এলাকা দিয়ে যাচ্ছিল। মাইনে আঘাতের পর সেগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং চলাচল বন্ধ করে দেয়।
সূত্র : আলজাজিরা




